রঙিন চশমা পরে প্রক্টরের 'কুশপুত্তলিকা' দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আন্দোলনকারীদের সমাবেশ। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আন্দোলনকারীদের সমাবেশ। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর ‘কুশপুত্তলিকা’ পোড়ানো হয়েছে। ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আন্দোলন করা শিক্ষার্থীরা আজ মঙ্গলবার প্রক্টরের কুশপুত্তলিকা পোড়ায়। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন প্রক্টর। তাঁর অপসারণও দাবি করেন শিক্ষার্থীরা।

আজ বেলা দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে কুশপুত্তলিকা পোড়ানো হয়।

কয়েকটি বামপন্থী সংগঠনের নেতা-কর্মী, ডাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ প্ল্যাটফরমটি গড়ে তুলেছেন।

কুশপুত্তলিকা পোড়ানোর আগে টিএসসি থেকে নিপীড়নবিরোধীরা সেটা নিয়ে ‘রঙিন চশমা প্রতিবাদ মিছিল’ বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, প্রশাসনিক ভবনের সামনে মল চত্বর হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে কলা ভবন ঘুরে আবার টিএসসি আসে।

রঙিন চশমা প্রতিবাদ মিছিল নামকরণের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, যখনই আন্দোলনকারীরা প্রক্টরের সঙ্গে কথা বলতে যান, তিনি দরজা আটকে দেন। তিনি শিক্ষার্থীদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান। তাঁকে এ ধরনের লজ্জা থেকে বিরত রাখতে শিক্ষার্থীরা রঙিন রোদচশমা পরে মিছিলে এসেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কুশপুত্তলিকা দাহ করেছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জানুয়ারি। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কুশপুত্তলিকা দাহ করেছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০ জানুয়ারি। ছবি: প্রথম আলো

প্রতিবাদ মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। গতকাল প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ধর্মঘটের মধ্যেই ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ এই কর্মসূচি ঘোষণা করেছিল।

কুশপুত্তলিকা দাহ শেষে আন্দোলনের সমন্বয়ক মাসুদ আল মাহদী সাংবাদিকদের বলেন, প্রক্টর হওয়ার পর টিএসসিতে তিনি শিক্ষকদের সভায় মারামারি করেন। ১৫ জানুয়ারি তাঁর সামনে ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত মশিউর রহমানকে মারধর করে। এর কারণ জানতে চেয়ে তাঁর কার্যালয় ঘেরাও করা হলে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে পারেননি। আন্দোলনকারীদের বিরুদ্ধেই উল্টো মামলা করা হয়েছে। বারবার প্রক্টর তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাঁকে এত দিন পদত্যাগের আহ্বান জানানো হয়েছে, এবার শিক্ষার্থীরা তাঁর অপসারণ চান।