রঙিন শাড়ি আর খোঁপায় ফুলে প্রধানমন্ত্রীর জনসভায় এলেন তাঁরা
পরনে রঙিন শাড়ি, মুখে মেকআপ, গলায় গয়না ও খোঁপায় ফুল। বর্ণিল সাজে সেজেছেন হিজড়ারা। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায় প্রধানমন্ত্রীর জনসভায় এসেছেন এসব মানুষ। সুন্দর আর বাহারি সাজে সবার নজর কাড়ছেন। পদ্মা সেতুর উদ্বোধনের খুশির আমেজ ছড়িয়ে পড়েছে তাঁদের মধ্যেও।
আজ শনিবার বেলা ১১টার দিকে বাংলাবাজার ঘাটের সংযোগ সড়কে দেখা হয় কয়েকজন হিজড়ার সঙ্গে। তাঁদের মধ্যে একজনের নাম সাথী মণি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আজকে আমাগো খুশির দিন। আমাগো সবারই আজ স্বপ্ন পূরণ হইছে। বাংলাবাজার ঘাটে আমরা মানুষের থেকে খরচার টেকা তুলতাম। এখন সেই পথ বন্ধ হইয়া গেছে। তবু পদ্মা সেতু চালু হইবে এইডা আমাগো কাছেও খুশির সংবাদ। তাই আমরা সাজগোজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ধন্যবাদ দিতে জনসভায় যাইতাছি।’
ময়না নামের একজন বলেন, ‘আজ আমাদের উৎসবের দিন। আমরা শরীয়তপুর থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য ছুটে এসেছি। আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ প্রধানমন্ত্রীকে যেন অনেক দিন বাঁচাইয়া রাখেন।’
কেয়া আক্তার কেয়া বলেন, ‘এই পদ্মা সেতুর উৎসব আমাদের সবার। সবার মতো আমরাও তাই এই উৎসবে যোগ দিয়েছি। কত দিনের ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখব। তাকে দেখার জন্য তাই ছুটে আসছি।’