রঙিন সেমাই বিক্রি বন্ধ
দিনাজপুরের নবাবগঞ্জের হাট-বাজারে এবারের ঈদে রঙিন সেমাই বিক্রি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মোকসেদুল মোমিন। তিনি রমজান মাসের শুরুতেই এই ঘোষণা দেন, কাপড়ে ব্যবহার করা বিষাক্ত রং মিশিয়ে রঙিন সেমাই তৈরি করা হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, কাপড়ের রঙে বিষাক্ত অ্যামোনিয়া সালফেট, নাইট্রিক অ্যাসিডসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য থাকে। এগুলো মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এগুলো খাওয়ার ফলে ক্যানসারের ঝুঁকি থাকে। এ ছাড়া কিডনি, লিভার ও মস্তিষ্ক বিকল হয়ে যেতে পারে।
মোকসেদুল মোমিন বলেন, নবাবগঞ্জ একটি প্রত্যন্ত উপজেলা। এখানে শিক্ষার হার ৪২ শতাংশ। সচেতনতার অভাবে এ উপজেলার সাধারণ মানুষের রঙিন সেমাইয়ের প্রতি আকর্ষণ বেশি। তিনি খোঁজ নিয়ে দেখেছেন, রমজান ও ঈদ উপলক্ষে এ উপজেলার হাট-বাজারগুলোতে যেসব রঙিন সেমাই পাওয়া যায়, সেগুলোর বেশির ভাগ নিম্নমানের। এ ছাড়া কাপড়ের রং মেশানো হয়। তাই তিনি রঙিন সেমাই বিক্রি বন্ধে পদক্ষেপ নিয়েছেন। বিক্রি বন্ধ করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সঙ্গে পরামর্শ করেন। প্রশাসনের সহযোগিতায় রমজানের শুরুতে নবাবগঞ্জের দুটি কারখানায় অভিযান চালিয়ে রঙিন সেমাই তৈরি বন্ধ করা হয়। হাট-বাজারের সেমাই বিক্রির প্রতিটি দোকানে নিয়মিত অভিযান চালানো হয়। সেমাই বিক্রেতাদের সঙ্গে তিনি আলোচনা করছেন। এ ছাড়া এসব ক্ষতিকর পণ্য বিক্রি করলে শাস্তির বিধান আছে।
ভাদুরিয়া বাজারের ভাই ভাই কনফেকশনারির জহুরুল ইসলাম বলেন, রঙিন সেমাইয়ের ক্ষতিকারক দিক সম্পর্কে তাঁদের ধারণা ছিল না। জনস্বাস্থ্য পরিদর্শক এসবের ক্ষতিকর দিক ও বিক্রির অপরাধে শাস্তি সম্পর্কে জানিয়েছেন। এরপর থেকে তাঁরা রঙিন সেমাই বিক্রি করছেন না।
নবাবগঞ্জ বাজারের সেমাই বিক্রেতা সাইদুর রহমান বলেন, রমজানের শুরুতে ইউএনও এবং জনস্বাস্থ্য পরিদর্শক বাজারের কয়েকটা দোকানের রঙিন সেমাই ধরে নষ্ট করে দিয়েছেন।
ইউএনও মো. বজলুর রশীদ বলেন, উপজেলায় ৪টি হাট ও ২১টি বাজার রয়েছে। এসব হাট-বাজারে এ বছর রঙিন সেমাইসহ নিম্নমানের ও খোলা সেমাই বিক্রি বন্ধ করতে ৪টি অভিযান চালানো হয়। এরপর থেকে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। রঙিন সেমাই না কিনতে জনসাধারণকেও সচেতন করা হচ্ছে।