রঙিন হাত, রঙিন চুল

পেখম মেলা ময়ূরের সঙ্গে ফুল, পাতা, কলকি মিলেমিশে কনুই থেকে আঙুলের ডগা পর্যন্ত নকশা। কোনোটা আবার রতনচুড়ের মতো কবজি থেকে শুরু হয়ে মধ্যমায় গিয়ে ঠেকেছে। কোনোটা ছিমছাম, হাতের পাতায় ঢেউখেলানো নকশার এক লাইন। গাঢ় সবুজ মেহেদির রঙে হাতগুলোই যেন এক একটা ক্যানভাস।
গতকাল ধানমন্ডির দৃক গ্যালারির তৃতীয় তলায় গিয়ে দেখা গেল, ছোট ছোট দলে ভাগ হয়ে এমন বিচিত্র সব নকশায় ঈদের মেহেদি লাগানোর ধুম পড়েছে।
মাসভর কেনাকাটার ঝক্কি শেষে এবার নিজেকে সাজানোর দিকে মনোযোগ সবার। মেহেদির রঙে সব বয়সী মেয়ে রাঙিয়ে নিচ্ছেন হাত। ছোট-বড় সৌন্দর্যচর্চাকেন্দ্রগুলোর পাশাপাশি এবার ঈদ মেলা আর বিপণিবিতানের অস্থায়ী স্টলগুলোতে মেহেদি পরতে ভিড় করছেন অনেকে।
দৃক গ্যালারিতে শুক্রবার থেকে শুরু হওয়া চাঁদরাত মেলা ও মেহেদি উৎসবে অংশ নিয়েছে ১০টির বেশি মেহেদি আঁকিয়ে প্রতিষ্ঠান। গতকাল গিয়ে দেখা যায়, গ্যালারি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বেশ জমিয়ে বসেছেন তাঁরা। ফেসবুকভিত্তিক প্রতিষ্ঠান ‘মেহেদি ব্লাস্ট’-এর স্টলে মেহেদি পরছিলেন মাহমুদা খানম। বললেন, ঈদে মেহেদি পরা তাঁর ছোটবেলার শখ। তাঁর কথায়, ‘আগে মেহেদি পাতা বেটে নিয়ে তালুতে গোল-চ্যাপ্টা করে দিতাম। এখন তো কত নকশা করে দেওয়া যায়।’
উৎসবে অংশ নেওয়া মেহেদি আঁকিয়েদের প্রায় সবাই বয়সে তরুণ। পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের উপায় হিসেবে মেহেদির নকশা আঁকার দক্ষতাকে কাজে লাগাচ্ছেন। ‘দ্য মেহেন্দি বোনানজা’-এর স্বত্বাধিকারী শিখা হোসেন বললেন, সারা বছর অনলাইন পেজে যোগাযোগ করে গ্রাহকেরা সেবা নিয়ে থাকেন। মেহেদির নকশা করার এই উদ্যোগের মাধ্যমে নিজের খরচ ভালোভাবেই চালিয়ে নিতে পারছেন তিনি।
শুধু মেয়েরা নয়, ছেলেরাও আছেন মেহেদি আঁকিয়েদের তালিকায়। ফেসবুকভিত্তিক প্রতিষ্ঠান ‘মেহেদি বাই মেঘ’-এর কর্ণধার জয়ন্ত জয় আর তাঁর বন্ধু মো. শিপন পাঁচ বছর ধরে মেহেদি আঁকিয়ে হিসেবে কাজ করছেন। ‘সিঙ্গেল স্টিক’, ‘সেমি ব্রাইডাল’, ‘ব্রাইডাল’-এই তিন ধরনের নকশায় তাঁদের কাছে মেহেদি পরা যাবে ১৫০ থেকে ৭৫০ টাকার মধ্যে। ঈদকে সামনে রেখে ঢাকার বিভিন্ন বিপণিবিতানেও মেহেদি পরার অস্থায়ী আয়োজন চোখে পড়ে।
তবু মেহেদি পরতে এখনো সৌন্দর্যচর্চাকেন্দ্রগুলোর প্রতিই গ্রাহকদের আগ্রহ বেশি। ছোট-বড় সৌন্দর্যচর্চাকেন্দ্রগুলোর প্রায় সবই তাই ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। পারলারভেদে মেহেদি পরতে খরচ পরবে ১০০ থেকে ২ হাজার টাকা।
ঈদের সাজে রঙিন চুল
সৌন্দর্যচর্চাকেন্দ্রগুলোতে ঘুরে জানা গেল, চলতি ফ্যাশনের আন্তর্জাতিক ধারার সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে রঙিন হচ্ছে চুলও। ‘পারসোনা’ ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ফারজানা খানম বলেন, গত কয়েক বছরের চেয়ে এ বছর চুলে রং করানোর প্রবণতা অনেক বেশি। অনেকেই পুরো চুলে হাইলাইটস (হালকা ও গাঢ় রঙের সমন্বয়) করাচ্ছেন। বিশেষ করে তরুণীরা সবুজ, বেগুনি, লাল, ম্যাজেন্টার মতো উজ্জ্বল রঙে ‘স্টিক কালার’ করছেন।
চুল রং করাতে পিছিয়ে নেই ছেলেরাও। ধানমন্ডির ‘মেন’জ লুক’ সেলুনের সুপারভাইজার মো. আসলাম বললেন, অনেক ছেলেরা এবার চুলে রং করাচ্ছেন। গাঢ় খয়েরি (ডিপ ব্রাউন), বার্গেন্ডি—এসব রং পছন্দ করছেন তাঁরা। আর ছেলেদের চুলের কাটের ক্ষেত্রে স্লোপ, বেকহ্যাম কাট ভালো চলছে বলে জানান তিনি। তরুণদের অনেকে এক পাশে সিঁথি করে সামনে বড় রেখেও কাটছেন। এখানে চুলে রং করতে খরচ পড়বে ৮০০-১২০০ টাকা। আর স্টাইলভেদে চুলের কাটের দাম ২০০-১৭০০ টাকা।