রঙে-বৈচিত্র্যে ভরপুর শিশুদের ঈদপোশাক
ঈদে শিশুদের মূল আনন্দ তার নানা রঙের পোশাক। অভিভাবকদের ঈদ-আনন্দও শিশুদের ঘিরেই। রং আর বৈচিত্র্যে ভরা শিশুদের ঈদপোশাক নিয়ে বিপণিকেন্দ্রগুলো জমজমাট হয়ে উঠেছে। তাই ঈদের কেনাকাটা করতে মা-বাবার হাত ধরে পোশাক আর জুতার দোকানে ঢুঁ মারছে ছোট্ট সোনামণিরা। গতকাল সোমবার দুপুরে সানমার ওশান সিটিতে ঈদ উপলক্ষে জুতা-জামা কিনতে আসে কিন্ডারগার্টেনে পড়ুয়া ছোট্ট সামিয়া ও তার মা সাবিহা চৌধুরী। সাবিহা প্রথম আলোকে বলেন, ‘হালকা কাজের আরামদায়ক কাপড়ের পোশাক খুঁজছি। ওর (সামিয়া) জন্য নেট ও সুতি কাপড়ের মিশেলে পোশাক কিনব। আর জুতা নেব পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে। কিন্তু বিক্রেতাদের দামে আর বাজেটে মেলাতে পারছি না।’ মিমি সুপার মার্কেটে শৈশবের শোরুম ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, শৈশব শিশুদের পোশাক তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ সুতির কাপড়কেই প্রাধান্য দিয়ে এসেছে। শৈশবে শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির দাম সর্বনিম্ন ২৫০ থেকে এক হাজার ৫০ টাকা। ফ্রক, পার্টি ফ্রক ও স্কার্ট টপসের দাম ৪৫০ থেকে এক হাজার ৫০০ টাকা। মেয়েশিশুদের ক্ষেত্রে হালকা গোলাপি, অফ হোয়াইট, লাল এবং ছেলেদের হালকা লাল, হলুদ, আকাশি রঙের ও হাফহাতার পোশাকের চল এবার বেশি। তবে চিরাচরিত কার্টুনের চরিত্র আঁকা পোশাকের চাহিদা আজও রয়ে গেছে।মিমি সুপার মার্কেটের জুতার দোকানগুলোতেও নারী-শিশুর ভিড় দেখা গেল। বিক্রেতারা জানান, এই মার্কেটে দেশে তৈরি জুতার চেয়ে ভারত, চীন এবং থাইল্যান্ডের তৈরি রুচিশীল ও টেকসই জুতার কালেকশন রয়েছে। প্রগতি সুজ, রেভন সুজসহ বেশ কয়েকটি দোকানে গিয়ে দেখা গেছে, বিক্রেতারা ব্যস্ত ক্রেতাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী জুতা দেখাতে। ডিজাইন ও মানভেদে শিশুদের জুতার দাম ৫০০ থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত। সেন্ট্রাল প্লাজার দ্বিতীয়তলায় শিশুদের পোশাকের দোকানেও ভিড় ছিল গতকাল বিকেলে।