
দেশি ফ্যাশন হাউস রঙ পা রাখল বিশে। ২০ ডিসেম্বর ২০ বছরে পার রাখবে রঙ।নারায়ণগঞ্জের শান্তনা মার্কেটে ১৯৯৪ সালে এক হাজার টাকা ভাড়ায় যাত্রা শুরু

করে রঙ। চারুকলায় পড়াশোনা করতে এসে চার বন্ধু মিলে গড়ে তোলেন রঙ। তবে এখন রঙের কর্ণধার চার থেকে দুই হয়েছে। বিপ্লব সাহা আর সৌমিক দাস আছেন রঙের এগিয়ে যাওয়ার পথে। অন্য দুজন এখন প্রবাসে।
আজকের ফ্যাশন হাউস রঙ কিন্তু যাত্রা শুরু করেছিল বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রতিষ্ঠান হিসেবে। তখন বিয়েবাড়ির মঞ্চ, আল্পনাসহ নানা সাজসজ্জার কাজে ডাক পড়ত রঙের উদ্যোক্তাদের। এরপর ক্রেতাদের চাহিদা দেখে কাপড় কিনে নিজেরাই নকশা করতেন পোশাকে। বিক্রিও হয়ে যেত ঝটপট। ধীরে ধীরে পোশাকের নকশাতেই আগ্রহী হয়ে ওঠেন তাঁরা।
ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বললেন, ‘রঙ সব সময় ক্রেতাদের কাছে দেশকে তুলে ধরতে চেয়েছে। আর তাই, বিশেষ দিন মানেই রঙের পণ্যে নতুনত্বের ছোঁয়া। তরুণ ছাড়াও সব বয়সের মানুষের কাছে পেয়েছে আলাদা জনপ্রিয়তা। দেশের গণ্ডি পেরিয়ে রঙ এখন দেশের পোশাককে তুলে ধরছে দেশের বাইরে।’
নারায়ণগঞ্জের ছোট্ট সেই ১০০ বর্গফুটের জায়গা থেকে রঙ এখন ১৪টি শাখায় ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও ভারতের দিল্লিতে।
রঙে পাওয়া যায় শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, শার্ট, কুর্তা, চাদর ছাড়াও মাটির নানা অলংকার ও ঘর সাজানোর পণ্য। দেশি তাঁতের কাপড়, টাঙ্গাইলের শাড়িসহ নানা ধরনের পোশাকে নতুন নতুন ট্রেন্ড চালু করেছে রঙ। দেশের পোশাককে করেছে সমৃদ্ধ।
বিশেষ দিন মানেই রঙের থাকে বিশেষ বিশেষ আয়োজন। জাতীয় দিবস ছাড়াও বিভিন্ন দিবসভিত্তিক আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শারদীয় সাজের

প্রতিযোগিতা, বিভিন্ন রকম রঙের প্রদর্শনীসহ নানা কিছু। এ বছরই ভারতের কলকাতায় রঙ তাদের পোশাক প্রদর্শনীর আয়োজন করে। ‘আমরা সময়কে রাঙিয়ে তুলি’ স্লোগানে রঙ এগিয়ে চলেছে সমুখ পানে।
সময়ের প্রয়োজনে রঙ দুটি ভিন্ন ব্র্যান্ডের জন্ম দিয়েছে। ‘শ্রদ্ধা’তে পাবেন বয়স্কদের পোশাকসহ নানা সামগ্রী এবং ‘ওয়েস্ট রঙ’ এ আছে দেশি ও পাশ্চাত্য নকশার মিশেলে তৈরি পোশাক।

২০ বছর উপলক্ষে রঙের আয়োজন
রঙ আয়োজন করেছে একটি প্রতিযোগিতা। যাঁদের বয়স ২০ বছর সেসব তরুণ-তরুণীই অংশ নিতে পারবে এতে। সুযোগটি কাজে লাগিয়ে হতে পারেন রঙের মডেল। আগ্রহীরা ৩১ ডিসেম্বরের মধ্যে ৩ কপি ছবি (পোর্ট্রেট, মিড লং ও ফুললেন্থ) পাঠাতে হবে। সঙ্গে দিতে হবে নিজের নাম, উচ্চতা, ফোন নম্বর ও বয়সের প্রমাণপত্র। এখান থেকে বিজয়ী ২০ জন সুযোগ পাবেন রঙের পরবর্তী ফটোশুটে অংশ নেওয়ার। ছবি পাঠানোর ঠিকানা: [email protected]