রঙে রঙে দোল উৎসব

শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠদের পরনে রংবেরঙের জামা। মুখে লাল, নীল, সবুজ ও হলুদসহ হরেক রঙের মাখামাখি। একসঙ্গে আনন্দ-উল্লাস করছেন তাঁরা। রং দিয়ে একে অন্যকে রাঙিয়ে দিচ্ছেন, নিজেও হচ্ছেন রঙিন।
গতকাল রোববার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা ও গৌরপূর্ণিমা উৎসবে এই চিত্র দেখা গেছে। এ ছাড়া পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজারসহ সারা দেশে এই উৎসব অনুষ্ঠিত হয়। হিন্দুধর্মাবলম্বীরা এই দিনে রং খেলার উৎসবে মাতেন, যাকে দোল খেলা বা হোলি খেলা বলা হয়। এ ছাড়া অনেকে আত্মীয় ও প্রতিবেশীর বাড়িতে গিয়েও রং দিয়ে আসেন।
এবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে এই উৎসবের আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি। গতকাল সকালে মন্দিরের নিত্য পুরোহিত সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। এরপরই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী এই আয়োজনে পুরো মন্দির এলাকা রঙে রাঙিয়ে যায়। দুপুর ১২টায় দিকে মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন শুরু হয়।
লালবাগের কেল্লার মোড় এলাকা থেকে বন্ধুদের নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে দোলযাত্রায় অংশ নেন বসু দেব। তিনি বলেন, সারা বছর এই উৎসবের জন্য সবাই অপেক্ষায় থাকে। এই দিন সবাই রং নিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় প্রথম আলোকে বলেন, বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলার অন্যতম উৎসব দোলযাত্রা। এই উৎসবের সর্বস্তরের মানুষ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেতে চান। তাঁরা দেবদেবীর পায়েও আবির প্রদান করেন।