রঙে রঙে রংধনু জীবনবাস্তবতার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুকলা অনুষদে শ্রমজীবী শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও সুলতানা কামাল l ছবি: প্রথম আলো
চারুকলা অনুষদে শ্রমজীবী শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও সুলতানা কামাল l ছবি: প্রথম আলো

জেরিন আক্তারের অনেক গুণ। খুব সুন্দর রবীন্দ্রসংগীত গায়, ছবি আঁকে। গত বছর ঈদের এক অনুষ্ঠানে বিটিভিতে সমবেত সংগীতেও অংশ নিয়েছিল। পড়ালেখাতেও খুব ভালো। এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ওরা চার বোন। বাবা নেই। মা বাসাবাড়িতে ঠিকা গৃহকর্মীর কাজ করেন। জেরিন নিজের পড়ালেখা আর হাতখরচের জন্য ছাত্র পড়ায়। থাকে মিরপুর বস্তিতে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সে যখন ‘তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে’ গানটি গাইছিল, অভিভূত হয়ে শুনছিলেন শ্রোতারা। সে গাইছিল তাদেরই মতো কর্মজীবী শিশুদের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে।
অভিভূত হওয়ার মতোই ছিল পুরো আয়োজনটি। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু অধিকার ইউনিট চারুকলার জয়নুল গ্যালারিতে নগরীর শ্রমজীবী শিশুদের আঁকা ছবির চার দিনের প্রদর্শনীর আয়োজন করেছে গতকাল থেকে। আসক ২৬ বছর থেকে শ্রমজীবী শিশুদের অবস্থার উন্নয়নের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে তাদের সাতটি ‘ড্রপইন সেন্টার’-এর ২৩ জন শিশুর আঁকা ৬৫টি ছবি নিয়ে ‘রঙে রঙে রংধনু’ নামের এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। শ্রমজীবী শিশুরা এঁকেছে মুক্তিযুদ্ধ, দেশের নিসর্গ, আর তাদের স্বপ্নের ছবি। প্রদর্শনীর ছবিগুলোর দাম দুই হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত। ছবি বিক্রির টাকা পুরোটাই পাবে তারা।
বকুলতলায় বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী মুস্তাফা মনোয়ার। আলোচনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন সুলতানা কামাল। শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানা, শিল্পী সাঈদা কামাল ও আসকের শিশু অধিকার ইউনিটের উপপরিচালক গীতা চক্রবর্তী, সঞ্চালনা করেন সমন্বয়কারী নার্গিস আক্তার।
বক্তারা বলেন, ‘প্রতিভা ধনী-গরিব, ধর্ম-বর্ণ এসবের ওপর নির্ভর করে না। প্রতিভা সবার ভেতরে আছে। কিন্তু আমাদের দেশে সবার প্রতিভা বিকাশের সুযোগ নেই। সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও যে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, এই প্রদর্শনী তার প্রমাণ।’ বক্তারা বলেন, দেশে বর্তমানে সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা ৭৪ লাখ। বিত্তবান মানুষের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। প্রত্যেকে যদি একজন করে শিশুর দায়িত্ব নিতেন, তবে দেশে শ্রমজীবী শিশু থাকত না। এসব শিশু জীবনের শুরু থেকেই কঠিন জীবনসংগ্রামের নির্মম বাস্তবতা থেকে মুক্তি পেতে পারত।
প্রদর্শনীতে প্রাথমিক থেকে এসএসসি পর্যায়ের দুটি বিভাগের শিশুদের ছবি রয়েছে। উদ্যোক্তারা জানালেন, ১৯৯৭ সাল থেকে তাঁরা এ ধরনের প্রদর্শনীর আয়োজন করে আসছেন। নিয়মিত প্রদর্শনী হচ্ছে ২০১১ সাল থেকে। ছবি আঁকা শেখানোর জন্য তাদের নিয়ে কর্মশালা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দুই বিভাগের সেরা আঁকিয়েদের পুরস্কারও দেওয়া হয়। মাধ্যমিকে সেরা হয়েছে মো. সবুজ। সে এবার রাজধানী উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.৭ পেয়েছে। ইউসেপ থেকে প্রশিক্ষণ নিয়ে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। মাসে দুই থেকে তিন হাজার টাকা আয় হয়। সবুজেরও বাবা নেই। মা গৃহকর্মী। মোহাম্মদপুর বেড়িবাঁধ বস্তিতে থাকে। কাজ আর পড়ালেখার ফাঁকে গান ও নাচ শেখে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগঠন সুরের ধারার সুবিধাবঞ্চিত শিশুদের প্রকল্পে। নাচের প্রতিই তার আগ্রহ বেশি। তারই মতো এক কর্মজীবী শিশু খাদিজা আক্তার ও আসমা খাতুনকে নিয়ে পরিবেশন করেছে দুটি নৃত্য। ‘যদি তোর ডাক শুনে কেউ’ গেয়েছে রমজান, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গেয়েছে আশিক। একক নৃত্য করেছে সুবর্ণা। ‘একবার যেতে দে না’ গেয়েছে সুরমা আক্তার। ছড়া আবৃত্তি করেছে সনি।
জীবনের শুরু থেকেই যারা কষ্ট করছে, সেই শিশুদের আঁকা ছবির এই প্রদর্শনী চলবে ৩০ মে পর্যন্ত। উদ্বোধনী সন্ধ্যাতেই বিক্রি হয়েছে ১৬টি ছবি। ছবি বিক্রির এই টাকায় শিশুটি হয়তো বই বা স্কুলব্যাগ কিনবে, কিংবা স্কুলের বেতন দেবে। প্রদর্শনীতে এলে এসব শিশু অনুপ্রাণিত হবে। আর ছবি কিনলে তাদের আর্থিকভাবেও সহায়তা করা হবে।