রঙের দোকানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌর এলাকার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের কোদালি পুলসংলগ্ন একটি রঙের দোকান রাহী ট্রেডার্সে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সন্দেহ করা হচ্ছে, শত্রুতাবশত কেউ এ আগুন লাগিয়েছে। গতকাল শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে এই আগুন লাগে।দোকানের মালিক ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের কোদালি পুল এলাকায় একটি রঙের দোকান রাহী ট্রেডার্সে আগুন লাগে। লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিক শওকত আহমদ গতকাল বলেন, ‘আমি ভোররাত চারটার দিকে অন্য এক দোকান মালিকের ফোন পেয়ে ছুটে আসি। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাচ্ছে। আমার এই দোকানে বিদেশি ব্র্যান্ডের ভালো কোম্পানির রং বিক্রি হতো। কে বা কারা দোকানের পেছনের দেয়াল ছিদ্র করে ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। দোকানে রং মিশ্রণের জন্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ধরে যায়।