রঙের পৃথিবী তৈরির পথে ওঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্গাকৃতি কক্ষটার চারকোনায় চারজনের ঠাঁই। ছবি আঁকার বোর্ড ছড়িয়ে আছে কক্ষজুড়ে। কাগজের ছড়াছড়ি আর আছে রং-তুলি আর রং। সেই সঙ্গে চারজনের মনে রঙের পৃথিবী তৈরির স্বপ্ন। ওই স্বপ্নের ওপর ভর করে চিত্রকলাপ্রেমী চারজন শিল্পী এই কক্ষটাকে ছবি আঁকার স্টুডিও বানিয়ে অবচেতন মনে কাজ করে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরের বিপরীতে ৭/এ রাস্তার ৬০ নম্বর বাড়িটিতে গেড়ে বসা ‘ঢাকা আর্ট সেন্টারে’ গিয়ে এই দৃশ্য দেখা গেল। ঢাকা আর্ট সেন্টার এই তরুণদের স্টুডিও ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।বুলবুল একাডেমী অব ফাইন আর্টস থেকে ড্রইং ও পেইন্টিংয়ের ওপর পাঁচ বছরের ডিপ্লোমা করেছেন উত্তম কুমার রায় আর খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) থেকে এমএফএ করেছিলেন মো. সোহেল রানা। আর বাকি দুজন—আওলাদ হোসেন ও ফারজানা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ করেছেন। পড়াশোনার বিষয়টা ছিল চিত্রকলা আর বয়সেও নবীন। তাই ঢাকা আর্ট সেন্টার কর্তৃপক্ষ যখন নবীন চিত্রশিল্পীদের খুঁজছিল স্টুডিও ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য, তখন এঁরাও আবেদন করেন। মনেপ্রাণে শিল্পী হওয়ার বাসনা। আর তাই প্রাথমিকভাবে নির্বাচিত হন ২০ জন। তাঁদের মধ্য থেকে এই চারজনই নির্বাচিত হয়ে পেলেন আগামী তিন মাস ঢাকা আর্ট সেন্টারে স্টুডিও ব্যবহার করার সুযোগ। এতে অন্তত তিন মাসের জন্য হলেও নিজস্ব একটি জায়গায়, নিজের ইচ্ছানুযায়ী শিল্পকর্ম তৈরির সুযোগ পাবেন। সেই সুযোগের সঙ্গে আছে প্রবীণ আর প্রতিষ্ঠিত শিল্পীদের সাহচর্য গ্রহণের লোভনীয় সুযোগও।২৬ এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে স্টুডিও ব্যবহারের কার্যক্রম। এর উদ্বোধন করেন চিত্রশিল্পী মুর্তজা বশীর ও মনিরুল ইসলাম। ছিলেন ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের সদস্য ও শিল্প-সমালোচকেরা।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চারজন তরুণ শিল্পী এই স্টুডিওতে কাজ করেন। অনুভূতি জানাতে গিয়ে শিল্পী উত্তম কুমার বলেন, ‘শিল্প মানেই হচ্ছে স্বাধীনতা। আর চিত্রকলার জন্যও চাই তেমন মুক্ত পরিবেশ। ঢাকা শহরে একটা স্টুডিও করা অনেক ব্যয়বহুল। বাড়িতে একটা ছোট রুমে দায়সারাভাবে স্টুডিও বানিয়ে ছবি আঁকি। তাই এমন সুযোগ নিঃসন্দেহে আমার শিল্পী হয়ে ওঠার পেছনে ভূমিকা রাখবে।’ চারশিল্পীর স্টুডিওতে ছিল নিজেদের সদ্য আঁকা চিত্রকর্ম। এই স্টুডিওতে ছবি আঁকার সুযোগটা কি সত্যি নবীনদের কোনো কাজে আসবে? এমন প্রশ্নের জবাবে চারজনের একজন সোহেল বলেন, ‘ছবি আঁকার জন্য পরিবেশ দরকার। নগর-জীবনে এই যে সুযোগ, তা কিছু না পাওয়ার চেয়েও অনেক কিছু পাওয়া।’তিন মাস এই স্টুডিও ব্যবহারের সুযোগ পাবেন এই চারজন। ধারাবাহিকভাবে প্রতি তিন মাসে চারজন নবীন চিত্রশিল্পী আর্ট সেন্টারে স্টুডিও ব্যবহারের সুযোগ পাবেন। আর ঢাকা আর্ট সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছর মোট ১৬ জন স্টুডিও ব্যবহারকারী শিল্পীর চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। নবীন শিল্পীদের এই কাজে সেন্টারের পক্ষ থেকে একজন প্রবীণ শিল্পী প্রয়োজনীয় পরামর্শ ও মতামত দিয়ে সহযোগিতা করবেন। এই পর্বে পরামর্শক হিসেবে থাকবেন জাপান প্রবাসী শিল্পী মো. ইকবাল। শুরু হলো আন্তর্জাতিক নৃত্য উত্সব ২০১০নৃত্য সংগঠন নবনৃত্য ও অরেন্ডা কমিউনিকেশনের যৌথ আয়োজনে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তেন শুরু হয়েছে তিন দিনের স্বদেশ প্রোপার্টিজ নৃত্য উত্সব। বিশ্ব নৃত্যদিবস সামনে রেখে গতকাল উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম ও সাংসদ মিজানুর রহমান খান।অরেন্ডা কমিউনিকেশন ও নৃত্য সংগঠন নবনৃত্যের যৌথ আয়োজনে এ উত্সবে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন ও অস্ট্রেলিয়ার নৃত্যশিল্পীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িক অঞ্জনা, তামান্না রহমান, ফারজানা খান, জিনিয়া ও তাঁর দল। এ ছাড়া প্রতিবন্ধী শিশু ও হিজড়া সম্প্রদায়ের মনোমুুগ্ধকর নৃত্য ছিল গতকাল উত্সবের অন্যতম আকর্ষণ।একক, দ্বৈত ও দলীয় নৃত্যের পাশাপাশি উত্সবে মঞ্চস্থ হয় বুলবুল ললিতকলা একাডেমীর (বাফা) পরিবেশনায় নৃত্যনাট্য শ্যামা।