রঙ্গলাল সেন মুক্তমনা এক আদর্শ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক রঙ্গলাল সেন ছিলেন একজন উদার মুক্তমনা আদর্শ মানুষ। তাঁর জীবন ও কর্ম থেকে নতুন প্রজন্ম অনুপ্রেরণা পাবে।
গতকাল সোমবার এক নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সমাজবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনের মৃত্যুর মাসপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট হলে এ শোকসভার আয়োজন করা হয়।
জাতীয় অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতির এ কঠিন সময়ে রঙ্গলাল সেনের মতো একজন অসাম্প্রদায়িক মানুষের খুবই প্রয়োজন ছিল।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, রঙ্গলাল ছিলেন প্রকৃত মানুষ। নিজের চেষ্টায় শিক্ষিত হয়েছেন। মুক্তচিন্তা, মানবতাবাদ চর্চা করে তিনি জাতির দুঃসময়ের কান্ডারি হয়ে উঠেছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অধ্যাপক রঙ্গলাল সেনের মতো একজন বড় মাপের মানুষ আবার কবে জন্ম নেবে তা বলা মুশকিল।
সভাপতির বক্তব্যে অধ্যাপক অজয় রায় বলেন, রঙ্গলাল সেনের প্রকাশিত-অপ্রকাশিত লেখা নিয়ে স্মরণিকা প্রকাশ করা হবে এবং প্রতিবছর রঙ্গলাল সেন স্মারক বক্তৃতার আয়োজন করা হবে।
শোকসভার শুরুতে অধ্যাপক রঙ্গলাল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাঁর জীবনী পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহউল আলম লেলিন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, রঙ্গলাল সেনের ছেলে সত্যকাম সেন প্রমুখ।