
কুমিল্লা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আশীষ কুমার চক্রবর্তী। দীর্ঘদিন পর সব ব্যাচের শিক্ষার্থীদের একসঙ্গে পেয়ে আনন্দে আত্মহারা তিনি।
অনুভূতি ব্যক্ত করে আশীষ বললেন, ‘মাঝে মাঝে ক্যাম্পাসে এলেও ভালো লাগত না। এবার সবাইকে পেয়ে দারুণ লাগছে। সেই চিরচেনা শ্রেণিকক্ষ, ক্যাম্পাসের আঁকাবাঁকা সড়ক, সবুজের সমারোহ সব মিলিয়ে যারপরনাই খুশি।’ তাঁর সঙ্গে সায় দিলেন প্রথম ব্যাচের শিক্ষার্থী ইমাদুল ইসলাম। শুধু আশীষ ও ইমাদুল নন, গতকাল শনিবার কলেজের দুদিনব্যাপী রজতজয়ন্তী উত্সবে ২৫টি ব্যাচের ১ হাজার ২৯৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের সঙ্গে জড়ো হন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকেরা। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের প্রথম দিনে নেচে-গেয়ে তাঁরা মাতিয়ে রাখেন গোটা ক্যাম্পাস।
আয়োজকেরা জানান, সকাল সাড়ে ১০টায় ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, বিএমএ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এম এ আজিজ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক স্বপন কুমার অধিকারী, বিএমএ কুমিল্লা জেলার বর্তমান সভাপতি আবদুল বাকি আনিস, সদ্য বিদায়ী সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান জসিম।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘কুমিল্লা মেডিকেল কলেজকে সময়মতো বিশ্ববিদ্যালয় করা হবে। এ কলেজ ও হাসপাতালে এত সমস্যা, তা আমার জানা ছিল না। সরকারের পরিকল্পনামন্ত্রীর বাড়ি কুমিল্লায়, বাহার ভাইয়ের (স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন) বাড়ি এ এলাকায়। তাঁরা দুজনে মিলে পরিকল্পনা করে নথিপত্র পাঠালে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে।’
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, উদ্বোধনী পর্ব, স্মৃতিচারণা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রোববার সকালে থাকবে স্মৃতিচারণা পর্ব ও সন্ধ্যায় ব্যান্ডদল সোলস্ এবং কুমার বিশ্বজিতের গান।