
সিলেটের ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত দেশের একমাত্র রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত বাংকারের অন্তত ৫০ কোটি টাকার পাথর গত দুই বছরে লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। লুটপাটের এ ঘটনা ধামাচাপা দিতে এই রজ্জুপথ বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে।
স্থানীয় ও রেলওয়ের একাধিক সূত্রের অভিযোগ, শ্রমিকদের দিয়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরাই পাথর লুট করেন। রেলওয়ের সংরক্ষিত পুরো এলাকার কর্তৃত্ব নিতেই এ লুটপাট চলছে। রজ্জুপথ গোটানো হলে ওই এলাকা প্রভাবশালীদের দখলে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন আবদুল বাছিরের নেতৃত্বে প্রভাবশালী পাথর ব্যবসায়ীদের একটি চক্র এ লুটপাটে সক্রিয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিলেটের প্রধান পরিদর্শক সাইদুর রহমান নিশ্চিত করেছেন, ২০ কিলোমিটার দীর্ঘ এ রজ্জুপথ বিক্রির প্রস্তাবটি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে উল্লেখ করে প্রথম আলোকে সাইদুর বলেন, ‘বাংলাদেশের একমাত্র রজ্জুপথ রেল ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পাহারা দেওয়া হচ্ছে, কিন্তু রক্ষা করা যাচ্ছে না। দিনে দিনে এর সম্পদ নষ্ট হচ্ছে, জায়গাও হাতছাড়া হচ্ছে। এখনই বিক্রি করলে কমপক্ষে এক হাজার কোটি টাকা পাওয়া যাবে। রেলওয়ের স্বার্থেই আমি বিক্রির এ প্রস্তাব দিয়েছি।’
রেলওয়ের রজ্জুপথ দপ্তর সূত্রে জানা গেছে, পাথর পরিবহনে স্থল কিংবা জলযানের বিকল্প হিসেবে ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতকে রজ্জুপথ স্থাপন হয় ১৯৬৪ সালে। এ রজ্জুপথে ১১৯টি খুঁটি রয়েছে। ভোলাগঞ্জ রজ্জুপথের লোডিং স্টেশন (বাংকার) ও ছাতক খালাস স্টেশন। বাংকারের ৩৫৯ একর জমি, অবকাঠামোসহ রেলের স্থাপনা, যন্ত্রপাতি দেখভাল করতে ২০০০ সাল থেকে দায়িত্বে ছিল আনসার বাহিনী। কিন্তু তখন বেআইনিভাবে পাথর উত্তোলন ও বিক্রির ব্যাপক অভিযোগ ওঠে।
২০০৯ সালের ২৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘বেআইনিভাবে পাথর উত্তোলন, ঝুঁকিতে রেলওয়ের রজ্জুপথ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের নির্দেশে রজ্জুপথ রেলের নিজস্ব পাহারায় নেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি আনসার প্রত্যাহার করে দায়িত্ব নেয় আরএনবি। একজন প্রধান পরিদর্শক ও দুজন উপপরিদর্শকের নেতৃত্বে ৪৮ সদস্যের আরএনবি দল সার্বক্ষণিক ভোলাগঞ্জে রজ্জুপথের বাংকারে অবস্থান করে পাহারা দিচ্ছে। এর মধ্যেও চলছে লুটপাট।
২০ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, রজ্জুপথ বাংকারের প্রবেশমুখের খুঁটিগুলো বেঁকে গেছে। ১২ থেকে ৯ নম্বর খুঁটি এবং বাংকারের
পশ্চিম ও পূর্বদিকে প্রায় ১১ একর জায়গায় যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে লুট হয়েছে পাথর। লোডিং স্টেশনের স্থানে কোনো গাছপালা নেই। প্রায় ১০ থেকে ১৫ ফুট গভীর গর্ত করে সেগুলো থেকে পাথর উত্তোলন করায় রেললাইনের আদলে রজ্জুপথে পাথর বাক্স পরিবহন পথের একাংশ উপড়ে পড়েছে। এ অবস্থায় ভোলাগঞ্জ বাংকার থেকে রজ্জুপথ আর সচল করার উপায় নেই বলে স্বীকার করেন রজ্জুপথ-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পাথর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব অনুযায়ী, আরএনবির অধীনে থাকা অবস্থায় গত দুই বছরে রজ্জুপথের বাংকার থেকে অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকার পাথর লুট হয়েছে। আরএনবি তাঁদের মাসিক প্রতিবেদনগুলোতে এ পরিস্থিতিকে ‘রাজনৈতিক প্রভাবশালীদের তৎপরতা’ উল্লেখ করলেও পাথর লুটপাটকারী কারও নাম-পরিচয় প্রকাশ করেনি।
ভোলাগঞ্জে কর্তব্যরত আরএনবির দল-প্রধানের দায়িত্বে থাকা উপপরিদর্শক নাজিরুল হক বলেন, অন্ধকারে কারা এসব করে, চেনার উপায় নেই। এ অবস্থা মোকাবিলা করতে গত এক মাসে ২৭টি ফাঁকা গুলি ছোড়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবদুল বাছির উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। পাথর ব্যবসায়ী হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। রজ্জুপথ বাংকার পার্শ্ববর্তী সাতটি গ্রামে শ্রমিকদের রেখে তিনি রাতে পাথর লুট করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
তবে আবদুল বাছির এক কথায় ‘এসব ভুয়া অভিযোগ’ বলে উড়িয়ে দেন।
রজ্জুপথের সদর দপ্তর সুনামগঞ্জের ছাতকে। ছাতক রেলওয়ের সঙ্গে রজ্জুপথ সংযুক্ত হওয়ায় রেলওয়ের ছাতকবাজার নির্বাহী প্রকৌশলী আবদুল জলিল অতিরিক্ত এ দায়িত্ব পালন করছেন। যোগাযোগ করা হলে বিক্রির প্রস্তাব আরএনবির নিজস্ব ব্যাপার উল্লেখ করে এ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।