রঞ্জন ও প্রদীপের বিরুদ্ধে অভিযোগ গঠন
ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে করা তিনটি মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আ ম স সাঈদ এ অভিযোগ গঠন করেন। আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আসামি রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ওরফে প্রদীপ রায় (৪৭) ও প্রদীপ মারাককে (৫৭) বিশেষ পুলিশ পাহারায় বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক রঞ্জন ও প্রদীপের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলায় অভিযোগ গঠনের জন্য আদালতে উত্থাপন করেন। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য ৪ মে দিন ধার্য করেন। প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে দুটি পিস্তল, চারটি গুলি, চারটি বোমা, বোমা তৈরির উপকরণ, অন্যান্য সরঞ্জামসহ রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাককে গ্রেপ্তার করে র্যাব-৯-এর একটি দল। এ ঘটনায় ওই দিনই র্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপসহকারী পরিচালক মো. করিমুল্লাহ দুজনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা করেন। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ আইনে শুধু রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন তিনি।এর মধ্যে অবৈধ অনুপ্রবেশের মামলাটি কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আলী আহসানের আদালতে বিচারাধীন। এ মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও অভিযোগ গঠন করা হয়নি। অন্য তিনটি মামলায় রঞ্জন ও প্রদীপের বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠন করা হয়। গত বছরের ২৬ অক্টোবর এ তিনটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।অভিযোগ রয়েছে, আসামি রঞ্জন উলফা নেতা পরেশ বড়ুয়ার সহযোগী। তাঁর বাড়ি আসামের ধুবড়া জেলার মধু শোলমারি গ্রামে হলেও তিনি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনীর এক মেয়েকে বিয়ে করে গোপনে বাংলাদেশে অবস্থান করছিলেন। রঞ্জনের সহযোগী হিসেবে কাজ করছিলেন ঝিনাইগাতির বাকাকুড়া গ্রামের প্রদীপ মারাক।গতকাল অভিযোগ গঠনের সময় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি শাহ আজিজুল হক এবং আসামিপক্ষে ছিলেন মিজানুর রহমান।