রড ছাড়াই ভবনের পিলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের পিলারে রড না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার প্রকৌশলীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, কলেজটির অধ্যক্ষ আবদুল মুকিত আজাদদুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেন। এতে নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আটজনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান পুষ্পা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রাখাল দে, শাহ আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী শাহ আলম, তাঁর সহকারী আবদুল কাইয়ুম ও লোকমান হোসেন।

কলেজ সূত্রে জানা যায়, স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইয়াহইয়া চৌধুরী এবং কলেজটির অধ্যক্ষ ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়ে গত শনিবার পরিদর্শন করেন। এ সময় সাংসদ ইয়াহইয়া দুটি পিলারের অংশবিশেষ ভেঙে রড ব্যবহার না করার বিষয়টি দেখতে পান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনি শাহ আলম, আবদুল কাইয়ুম ও লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

কলেজটির অধ্যক্ষ আবদুল মুকিত আজাদ বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাড়ে তিন কোটি টাকা ব্যয়েচারতলা ভবনটির নির্মাণকাজ চলছে। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংসদ ইয়াহইয়া চৌধুরী পিলারে রড না দেওয়ার বিষয়টি দেখেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ আগস্ট কলেজটিতে চারতলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল পুষ্পা কনস্ট্রাকশন। গত জুন থেকে দ্বিতীয় ধাপে ভবনের তিন ও চারতলার কাজ শুরু হয়। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহ আলম এন্টারপ্রাইজ।

সাংসদ ইয়াহইয়া চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে রডের বদলে বাঁশ দিয়ে ভবন নির্মাণের কাজ চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এ অবস্থায় আমার নির্বাচনী এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ কেমন চলছে তা দেখতে যাই। সেখানে গিয়ে এমনটি পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘ভবনটির তিনতলা পর্যন্ত নির্মাণ ইতিমধ্যে শেষের পথে। আমরা দুটি পিলারের অংশবিশেষ ভেঙে এ রকম পেয়েছি। অন্যগুলোতে না জানি কী আছে। বিষয়টি বের হতেই নির্মাণকাজের ঠিকাদারদের পুলিশে দিয়েছি। এর সঙ্গে নির্মাণ তদারককারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা জড়িত বলে আমার ধারণা।’

জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি বলেন, ‘কলেজ ভবনের নির্মাণকাজে কিছু অনিয়ম হচ্ছিল। ভবনের আসল কাজে অনিয়ম হয়নি। আমাদের না জানিয়ে ঠিকাদার কিছু কাজ করেছিল। যেখানে অনিয়ম হয়েছে, সেটি ভেঙে নতুন করে আবার কাজ করে দেওয়া হবে।’