রড দিয়ে পিটিয়ে গৃহবধূ হত্যা, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে ঈষিতা আক্তার (১৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঈষিতার মা কমলা বেগমের অভিযোগ, দেবর ও ননদ জামাইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গত সোমবার এলাকাবাসী বিক্ষোভ করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাউরগাতি গ্রামের শাহ আলম খন্দকার গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে পশ্চিম বার্থী গ্রামের আবদুল জব্বার হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদারের সঙ্গে ঈষিতার বিয়ে হয়। বিয়ের দুই মাস পর জুয়েল কুয়েত চলে যান। তিনি চলে যাওয়ার পর থেকে দেবর আল আমিন ও ননদজামাই আলমগীর ব্যাপারী ঈষিতাকে উত্ত্যক্ত করতে থাকেন।
১৬ জুলাই আলমগীর ঈষিতার শ্লীলতাহানি করার চেষ্টা করেন। এ ঘটনায় পরদিন রাগ করে তিনি বাবার বাড়িতে চলে আসেন। ১৯ জুলাই জব্বার পুত্রবধূ ঈষিতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে তাঁকে নিয়ে আসেন। ২১ জুলাই রাতে ঈষিতাকে উত্ত্যক্ত করার বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে পারিবারিক বৈঠক বসে। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে জব্বার, শাশুড়ি ফাতেমা বেগম, আলমগীর, আল আমিন ও দেবর আবুল হাসান ঈষিতাকে রড দিয়ে পিটিয়ে জখম করেন এবং ইস্ত্রি গরম করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। একপর্যায়ে মারা গেলে তাঁরা ঈষিতার মুখে বিষ ঢেলে দিয়ে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন এবং তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিখিল চন্দ্র জানান, নিহত ঈষিতার মুখে কীটনাশকের দুর্গন্ধ ছিল। পাশাপাশি তাঁর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই রোগী মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
গত সোমবার রাত নয়টায় ঈষিতার লাশ বাবার বাড়িতে পৌঁছালে নিহত ঈষিতার স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে নয়টায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে রাত পৌনে ১১টায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
জব্বার হাওলাদারের বাড়িতে গিয়ে তাঁর বসতঘর তালাবদ্ধ পাওয়া যায়। তবে দেবর আল আমিন মুঠোফোনে নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ঈষিতা বিষপান করে আত্মহত্যা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, প্রাথমিক তদন্তে নির্যাতন করে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।