রড দিয়ে পেটানো হলো ইউপি চেয়ারম্যানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খানকে লোহার রড দিয়ে পিটিয়েছে এক দুর্বৃত্ত।

আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হাইস্কুল সড়কে এ ঘটনা ঘটে।

আহত ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর ডান হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, সকালে তিনি বাসা থেকে রিকশায় করে গলাচিপা সদর মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় কেন্দ্রীয় মসজিদের সামনে কবির নামের এক যুবক তাঁকে লোহার রড দিয়ে পেটান।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী কবিরের বাসা গলাচিপা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের কলোনির কাছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশি নিরাপত্তায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিত্সা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিত্সার জন্য তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ হামলাকারীকে শনাক্ত করেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’