রড বহনকারী ট্রাক মালিকদের ধর্মঘট প্রত্যাহার
টানা চার দিন ধর্মঘট পালন করার পর গতকাল তা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন রড বহনকারী ট্রাকের মালিকেরা। গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে বৈঠক শেষে তাঁরা এই ঘোষণা দেন। তবে ঢাকা থেকে সারা দেশে মালামাল পরিবহনকারী ট্রাকের ধর্মঘটের কারণে আগামী শুক্রবার থেকে পুরোদমে রড বোঝাই ট্রাক চলাচল শুরু হবে বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা। প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রড বোঝাই ট্রাকে অব্যাহত ডাকাতির প্রতিবাদে গত রোববার সকাল থেকে এই ধর্মঘট পালন করেন রড পরিবহনকারী ট্রাকের মালিকেরা। আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির অঙ্গসংগঠন ‘রড ও লৌহজাত পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই ধর্মঘট হয়। গতকাল বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে ট্রাক মালিক সমিতির নেতারা মহাসড়কে চুরি-ডাকাতির বর্ণনা তুলে ধরেন। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নিতে চেম্বার নেতাদের অনুরোধ করেন তাঁরা। এ সময় চেম্বার নেতারা একটি সমন্বিত বৈঠকের মাধ্যমে এই সমস্যা নিরসনের আশ্বাস দেন। বৈঠকে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জেষ্ঠ্য সহসভাপতি মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ঐক্য পরিষদের আহ্বায়ক আবু মোজাফফর প্রথম আলোকে বলেন, ‘ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।