রডের আঘাতে নারীর মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় ছেলের হাতে এক নারী প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হযরতপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, গত শুক্রবার সকালে আয়েশা বেগম ছেলে রাশেদের (৩২) দুই বছরের শিশুসন্তানকে নিয়ে পাট ছাড়ানোর কাজে খেতে যান। তিনি কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। এ নিয়ে আয়েশার সঙ্গে রাশেদ ও তাঁর স্ত্রীর বাগিবতণ্ডা হয়। এর জের ধরে শনিবার রাতে আবারও মা ও ছেলে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাশেদ উত্তেজিত হয়ে মা আয়েশা বেগমের মাথায় রড দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রতিবেশীরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আয়েশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গতকাল রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শাহ আলম জানান, মায়ের মৃত্যুর খবরে ছেলে রাশেদ ও তাঁর স্ত্রী পালিয়েছেন।