রডের বদলে বাঁশ : দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহ ও ঠিকাদার আবদুল খালেকের বিরুদ্ধে আজ সোমবার দুপুরে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা করেন। এর আগে ১৩ এপ্রিল শহরের সাদুল্যাপুর সড়কে গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে তাঁদের আটক করেছিল দুদক।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুদক রংপুর অঞ্চলের কর্মকর্তারা ১৩ এপ্রিল তাঁদের আটক করে সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছিল। ওই দিন সন্ধ্যায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নতুন হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।
পুলিশ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেঘ ডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার (ওয়াশ ব্লক) নির্মাণকাজ শুরু হয়। সাদুল্যাপুর উপজেলার ঠিকাদার আবদুল খালেক ওই নির্মাণকাজের দায়িত্ব পান। নীতিমালা অনুযায়ী, বিভিন্ন ঢালাইয়ের কাজে ১০ থেকে ১২ মিলিমিটার লোহার রড ব্যবহার করতে হয়। কিন্তু ওই নির্মাণকাজের ঢালাইয়ের সময় রডের পরিবর্তে চিকন বাঁশ ব্যবহার করা হয়।
বিষয়টি নিয়ে ১১ এপ্রিল প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। রংপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আল আমিনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সরেজমিনে বিদ্যালয়ের শৌচাগার নির্মাণকাজ দেখেন। তদন্তে শৌচাগারের একটি জানালা ও একটি দরজার ওপরের ঢালাইয়ে রডের পরিবর্তে চিকন বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়া যায়।
আরও পড়ুন: