রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক পাচ্ছেন তিন বরেণ্যজন
তিন বরেণ্য ব্যক্তিকে এবার দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক দেওয়া হচ্ছে। তাঁরা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত (মরণোত্তর), স্যার ফজলে হাসান আবেদ ও ড. মুহাম্মদ জাফর ইকবাল।
গতকাল শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি এ ঘোষণা দেন। এ উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, পাকিস্তান গণপরিষদে অধিবেশনের সব কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করার কারণে ধীরেন্দ্রনাথ দত্তকে, বেসরকারি সংস্থা ব্র্যাকের মাধ্যমে দরিদ্রদের স্বাবলম্বী করতে অবদান রাখায় ফজলে হাসান আবেদ এবং সাহিত্যে অবদান রাখায় মুহাম্মদ জাফর ইকবালকে এ পদক দেওয়া হচ্ছে। ১৩ মে রাজধানীতে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে রণদা স্মারক গ্রন্থ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
রণদা প্রসাদ সাহা ১৮৯৬ সালের ১৫ নভেম্বর ঢাকার সাভারের কাছুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার ও মায়ের নাম কুমুদিনী দেবী। তাঁর পৈতৃক নিবাস ছিল মির্জাপুর গ্রামে। ১৯৭১ সালের ৭ মে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা তাঁকে তুলে নিয়ে যায়।
কুমুদিনী কল্যাণ সংস্থা ২০১৫ সাল থেকে দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক দিচ্ছে। গত বছর এ পদক পেয়েছিলেন শাইখ সিরাজ (কৃষি), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (শিক্ষা) ও সুফিয়া কামাল (নারী শিক্ষায় মরণোত্তর)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ জলিল, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার, সাবেক অধ্যক্ষ মিস উল্ফাতুন্নেছা, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া ও সাহিত্যিক হেনা সুলতানা।