রণদা প্রসাদসহ ৩১ জনকে হত্যার তদন্ত শুরুর চেষ্টা চলছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক মো. আবদুল হান্নান খান বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহাসহ ১৯৭১ সালের ৭ মে মির্জাপুরে ৩১ জনকে গণহত্যার তদন্ত শুরুর চেষ্টা চলছে। এ ঘটনার সাক্ষী যাঁরা বেঁচে আছেন কিংবা ঘটনা শুনেছেন, তাঁদের সাক্ষ্য নিয়ে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।
আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আবদুল হান্নান খান।
রণদা প্রসাদ সাহা সম্পর্কে আবদুল হান্নান বলেন, ‘তাঁর (রণদা প্রসাদ) প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাঁর রেখে যাওয়া কীর্তিগুলো অমর হয়ে থাকবে।’
এ সময় অন্যদের মধ্যে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিরা আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুর্লভ বিশ্বাস, কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।