রণদা হত্যায় তদন্ত প্রতিবেদন দাখিলে সময় পেল রাষ্ট্রপক্ষ
একাত্তরে মুক্তিযুদ্ধকালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ।
সময় চেয়ে রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশনের) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল আগামী ২৮ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) রেজিয়া সুলতানা চমন ওই সময়ের আবেদন জানান। পরে তিনি প্রথম আলোকে বলেন, তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে। তথ্যাদি যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় চেয়ে আবেদন করা হয়। ট্রাইব্যুনাল দুই মাস সময় মঞ্জুর করে ২৮ আগস্ট ওই মামলার তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি মাহবুবুর রহমান।
প্রসিকিউশন সূত্র বলেছে, একটি ফৌজদারি মামলায় ৬৯ বছর বয়সী মাহবুবুর রহমানকে গত বছর গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ৯ জুন এই মামলা মাহবুবকে গ্রেপ্তার দেখানো হয়। মাহবুবের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বইরাতিয়াপাড়ায়। এর আগে গত বছরের এপ্রিলে ওই ঘটনার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার তথ্য অনুসারে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ৭ মে আসামি মাহবুবসহ অন্যদের সহায়তায় পাকিস্তানি বাহিনীর সদস্যরা রণদা প্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে নারায়ণগঞ্জের খানপুর এলাকার সিরাজউদ্দৌলা রোডের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রণদা প্রসাদ সাহা হলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা। আসামির বিরুদ্ধে সাহাপাড়া এলাকা ৩৩ জন হিন্দুকে ধরে নিয়ে হত্যা এবং মির্জাপুর থেকে ২৪ জনকে অপহরণের পর এদের মধ্যে ২২ জনকে মধুপুরে নিয়ে হত্যার অভিযোগ রয়েছে।