রণদাপ্রসাদ নিজের নামে কিছু করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘আমাদের নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় ব্যক্তিত্ব নেই। কিন্তু দানবীর রণদাপ্রসাদ সাহার জীবনী অনুসরণ করলে নতুন প্রজন্ম মানুষের কল্যাণে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা জানতে পারবে।’
শহীদ দানবীর রায় বাহাদুর রণদাপ্রসাদ সাহার ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ড. আনিসুজ্জামান এসব কথা বলেন। নগরীর দক্ষিণ প্রান্তে সুলতান গিয়াসউদ্দিন রোডে শীতলক্ষ্যা নদী তীরবর্তী রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. আনিসুজ্জামান বলেন, দানবীর রণদাপ্রসাদ সাহার স্মৃতি জাগরিত রাখতে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন ছিল। তিনি এত কিছু করেছেন, কিন্তু নিজের নামে কিছু করেননি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় মানে বড় স্কুল নয়, শুধুই পাঠদান নয়, জ্ঞান সৃষ্টি ও নতুন জ্ঞানের উদ্ভাবন করতে হবে। এ জন্য প্রয়োজন সৃষ্টিশীলতা ও গবেষণা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি সবে যাত্রা শুরু করল। আমি আশা করব একদিন এটি হবে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। এই শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুফল দেশের সাধারণ মানুষ পাবেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাষাসৈনিক, একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাজীব প্রসাদ সাহা, সাবেক সচিব শওকত হোসেন, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হাশেম প্রমুখ।
দানবীর রণদাপ্রসাদ সাহা ও তাঁর একমাত্র ছেলে ভবানী প্রসাদ সাহাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা নারায়ণগঞ্জের বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে।