রতন-সুহেলে বিভক্ত আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন আওয়ামী লীগের দুজন। তবে দলীয় মনোনয়ন পেয়েছেন সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতন। অপর প্রার্থী হলেন ক্ষমতাসীন দলেরই সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক ওরফে সুহেল। তিনি লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে। এই দুই প্রার্থীকে নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সাংসদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মাঠে নেমেছেন ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল এবং জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ। তাঁরা রফিকুলের পক্ষে গণসংযোগে অংশ নিচ্ছেন। প্রকাশ্যে না হলেও দলের মনোনয়নবঞ্চিত ব্যক্তিরাও ভেতরে ভেতরে এই পক্ষে আছেন। আর মোয়াজ্জেমের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মাঠে আছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলার বাসিন্দা রেজাউল করিম ওরফে শামীম।
এই আসনে গত নির্বাচনে মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন মোয়াজ্জেম হোসেন। রফিকুল হক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ১৯৯৬ সালে। এর আগে ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে আরেকবার এখান থেকে সাংসদ নির্বাচিত হন। এবার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১৭ জন। কিন্তু শেষ পর্যন্ত মোয়াজ্জেমই মনোনয়ন পান।
মনোনয়নবঞ্চিত এক নেতা বলেন, ‘দল না করলেও যে মনোনয়ন পাওয়া যায়, এটা এখানে দ্বিতীয়বার প্রমাণিত হলো। আমরা দল চালাব, মাঠে দিনের পর দিন কাজ করব, আর মনোনয়ন পাবে অন্যজন, এটা কীভাবে মেনে নিই?’
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ‘আমরা ভালো মানুষের পক্ষ নিয়েছি। পাঁচ বছর এখানে এক ব্যক্তি শাসন করেছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। এখন দল এবং এলাকার স্বার্থেই সৈয়দ রফিকুলের পক্ষে অবস্থান নিয়েছি।’ ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, ‘এখানে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা দুজনই আওয়ামী লীগ করেন। রফিকুল দলের সভানেত্রীকে তাঁর প্রার্থিতার কথা জানিয়ে এসেছেন। তিনি আমাকে ডেকেছেন, তাই তাঁর প্রচারণায় যোগ দিয়েছি। রতন ডাকেননি, তাই যাইনি।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বলেন, যাঁরা দলীয় প্রার্থীর বিরোধিতা করছেন, তাঁরা এর আগেও সেটা করেছেন। এবার পদে থেকে যাঁরা দলীয় প্রার্থীর বিরোধিতা করবেন, তাঁদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।