মুক্তিযুদ্ধের সংগঠক ও কমিউনিস্ট নেতা রতন সেন হত্যা মামলার পুনঃ তদন্ত ও বিচারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা রতন সেন হত্যা মামলার পুনঃ তদন্তের বিষয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অবিলম্বে তা রক্ষার আহ্বান জানান।সমাবেশে বক্তারা বলেন, ১৯৯২ সালের ৩১ জুলাই সিপিবির সাবেক কেন্দ্রীয় সম্পাদক রতন সেনকে উগ্র মৌলবাদী সম্প্রদায়িক গোষ্ঠী হত্যা করে। তৎকালীন বিএনপি সরকার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছিল। হত্যার পর বিচারের নামে প্রহসন হয়েছে। যে কারণে খুনিরা এখনো পর্যন্ত শাস্তি পায়নি। ওই সময় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নির্দেশ দেওয়া হলেও সে নির্দেশ কার্যকর হয়নি। সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আহসান হাবিব, শংকর আচার্য, সেকেন্দার হায়াত প্রমুখ।রতন সেন হত্যাকাণ্ডের ১৯তম বার্ষিকীতে আজ রোববার খুলনার শহীদ হাদিস পার্কে ও রূপসা উপজেলার ডোমার গ্রামে রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলে নানা কর্মসূচি পালিত হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। বিজ্ঞপ্তি।