রতনের পরিবারে কান্না থামেনি
‘বাবার মুখখানি কত দিন দেখি না। আমাকে কি তোমার একবারও দেখতে ইচ্ছে করে না? বাবা তুমি কোথায়?’ বাবা রতন শিকদারের ছবি বুকে জড়িয়ে কথাগুলো বলছিল আট বছরের মেয়ে অপূর্বা। মা রোজিনা আক্তার তাকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ১৬ বছর বয়সী ছেলে অঞ্জনের কথা, বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। বাবা কাজ থেকে ফিরে এসেই আমার সঙ্গে খেলা করত। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার সপ্তম বার্ষিকী আজ। গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গাবতলী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রতন শিকদার। দীর্ঘ সাত বছরেও ওই পরিবারের কান্না থামেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকালমৃত্যুতে পরিবারে বিরাজ করছে চরম অর্থকষ্ট।এলাকাবাসী জানায়, রতন শিকদার বিভিন্ন টেক্সটাইল মিল থেকে কাপড় কিনে তা দোকানে বিক্রি করত। রতনের মৃত্যুর পর স্ত্রী রোজিনা আক্তার দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় তার বাবা-মায়ের সংসারে গিয়ে ওঠেন। রতন শিকদারের মা মমতাজ বেগম বলছিলেন, ‘আমার ছেলে আওয়ামী লীগের খুবই ভক্ত ছিল। আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার কারণে সবকিছু ফেলে সভা-সমাবেশে চলে যেত। রতন এটা শিখেছিল পরিবার থেকে। ওর বাবা আবদুল হক শিকদারও ছিলেন বঙ্গবন্ধুর ভক্ত। সেদিন (২১ আগস্ট) অনেক কাজ ছিল রতনের। কিন্তু ঢাকা গিয়েছিল শুধু নেত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে। যাওয়ার আগে বলে গিয়েছিল “আজ তাড়াতাড়ি ফিরব।’” মমতাজ বেগম আক্ষেপ করে বলেন, এই সাত বছরেও ঢাকা থেকে আওয়ামী লীগের কেউ এসে রতনের পরিবারের খোঁজ নেয়নি।রতনের স্ত্রী রোজিনা আক্তার বলেন, ‘অর্থের অভাবে ছেলেমেয়েদের পড়াশোনা করানো কঠিন হয়ে পড়েছে। মেয়েটি সারাক্ষণ বাবা বাবা করে ডাকে। কেউ খবরও নেয় না, কীভাবে আমার সংসার চলছে।’যারা রতনকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান রোজিনা। তিনি বলেন, ‘খুনিদের শাস্তি হলেও আমার স্বামীর আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।’