রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেলেন ২৫ মা

কেউ হুইলচেয়ারে বসে, কেউ লাঠিতে ভর করে, কেউবা ছেলেমেয়ে, আবার কেউ এসেছিলেন নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে। দেশের নানা প্রান্ত থেকে আসা ২৫ জন মা জড়ো হয়েছিলেন রাজধানীর একটি হোটেলে। আন্তর্জাতিক মা দিবসে গতকাল রোববার তাঁদের রত্নগর্ভা মা হিসেবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের শুরু হয় ফেরদৌস ওয়াহিদের ‘এমন একটা মা দে না’ গানটি দিয়ে। অনুষ্ঠানটির আয়োজক আজাদ প্রোডাক্টস।
এ বছর রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছেন অনিতা চৌধুরী, নাসরিন ফাতেমা আউয়াল, বেগম রাশিদা চৌধুরী, আনোয়ারা খাতুন, নুরুন্নাহার হীরা, গুলনাহার লুৎফে আরা, জয়নব বেগম, সায়েরা রহমান, নীলুফার বেগম, সালেহা খাতুন, সাহেরা খাতুন, ছালেহা বেগম, জোহরা খাতুন, বেগম আয়েশা খানম, শামছুন নাহার, লিলি বেগম, গুড়ি চাকমা, বিজলী বিশ্বাস, স্বপ্না বড়ুয়া, মেরী বার্নাডেট রয়, আনোয়ারা ইসলাম, ফাতেমা রশিদ, হাসনে আরা গিয়াস, নূরের নেছা ভূঁইয়া ও মনোয়ারা বেগম। এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে আরও ১১ জনকে এই সম্মান দেওয়া হয়। এঁরা হলেন দিল আফরোজ, মুক্তিযোদ্ধা অপর্ণা রানী বিশ্বাস, রহিমা রহমান, মাহমুদা সুলতান, মাহমুদা বেগম, ফাতেমা বেগম, আমেনা বেগম, বেগম নূরমহল, রহিমা বেগম, আয়েশা বেগম ও লুৎফুন্নেসা।
এ বছর যাঁরা রত্নগর্ভা হয়েছেন তাঁদের মধ্যে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী, মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল, প্রয়াত শিল্পী মাহমুদুন্নবীর স্ত্রী এবং ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর মা রাশিদা চৌধুরী আছেন। এ ছাড়া আছেন লোকচক্ষুর অন্তরালে থেকে সন্তানদের লালন-পালন করে যাওয়া মায়েরাও। ২০০৩ সাল থেকে প্রবর্তিত এই অনুষ্ঠানে এর আগে যাঁরা স্বীকৃতি পেয়েছেন, তাঁরাও এসেছিলেন।
রত্নগর্ভা মা গুলনাহার লুৎফে আরা সম্মাননা গ্রহণের পর প্রথম আলোকে বলেন, ‘আমার এই স্বীকৃতি, আমার সন্তানদের দায়িত্ববোধ বাড়িয়ে দিল। আমি চাই আমার সন্তানেরা ইতিবাচক চিন্তার অধিকারী হোক। তাদের মস্তিষ্ক ও হৃদয়ের মধ্যে সেতুবন্ধন রচিত হোক। ওরা দেশের জন্য নিজেকে উজাড় করে দিক।’
আজাদ প্রোডাক্টসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, এ বছর রত্নগর্ভা মা প্রতিযোগিতায় সাড়ে আট শ মায়ের নাম পাঠিয়েছিলেন তাঁদের সন্তানেরা। সেখান থেকে বাছাই করে ২৫ জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আমরা সব মাকেই সম্মানিত করতে চাই। খুব কষ্ট হয় যখন মায়েদের নাম বাদ দিতে হয়। আগামী দুই বছর আর নতুন নাম আমরা অন্তর্ভুক্ত করব না। এ বছরের তালিকা থেকেই মায়েদের পুরস্কৃত করা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলী প্রমুখ।