রত্না চা-বাগান-সমাই বাজার সড়ক বেহাল
বালুবোঝাই ট্রাক চলাচলের কারণে মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগান-সমাইবাজার সড়কটির বেহাল অবস্থা। ক্ষুব্ধ এলাকাবাসী গত মঙ্গলবার সন্ধ্যা থেকে সড়কটির দুই প্রান্তে বাঁশ ও বড় পাথরখণ্ড ফেলে অবরোধ করে রেখেছে।এলাকাবাসী সূত্র জানায়, জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা-বাগান থেকে জুড়ী নদীর পাড় ঘেঁষে একটি সড়ক সমাইবাজার পর্যন্ত গিয়েছে। সড়কটির প্রায় দুই কিলোমিটার জায়গা পাকা, বাকিটা কাঁচা। এই সড়ক দিয়ে রত্না চা-বাগান, জালালপুর, জাঙ্গালিয়া, সমাই, কয়লারঘাট, ভরাডহর ও পশ্চিম শিলুয়া গ্রামের লোকজন চলাচল করে। জুড়ী নদী থেকে ওঠানো বালু ট্রাকে বোঝাই করে এই সড়ক দিয়ে পরিবহন করা হয়।গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু স্থান দেবে গেছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে গর্তে পানি জমেছে। লোকজন কাদাজলে ভিজে চলাচল করছে।এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে জালালপুর গ্রামের এক রোগীকে আনতে উপজেলা সদর থেকে অ্যাম্বুলেন্স যায়। কিন্তু পথে সড়কের কয়লারঘাট এলাকায় একটি বড় গর্তে যানটি আটকা পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ওই দিন সন্ধ্যার দিকে কয়লারঘাটে সড়কের এক প্রান্তে বাঁশ এবং অন্য প্রান্তে পাথরখণ্ড ফেলে রাখে। কয়লারঘাট এলাকার বাসিন্দা নুরুল ইসলাম, নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, মাসুম আহমদসহ কয়েকজন জানান, প্রতিদিন ৩০-৩৫টি বালুবোঝাই ট্রাক সড়ক দিয়ে চলাচল করে। সে কারণেই সড়কটির এই দুরবস্থা হয়েছে। তাঁদের ভাষ্যমতে, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ইট-বালু ফেলে সড়কটির বিভিন্ন গর্ত ভরাট করে দিতে বালুমহালের ইজারাদারের লোকজনকে তাঁরা অনুরোধ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে মাস দুয়েক আগে কয়লারঘাটের গর্তে সামান্য কিছু ইট ফেলা হয়। নিম্নমানের এসব ইট ভেঙে পড়ায় এখন আগের মতো অবস্থা হয়ে গেছে।জুড়ী নদী বালুমহালের ইজারাদার ও আওয়ামী-যুবলীগের উপজেলা কমিটির সভাপতি আবদুল খালিক জানান, সড়কের ভাঙাচোরা অংশ তাঁরা মেরামত করে দেবেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ারুল হক গতকাল বিকেলে জানান, তিনি সড়কটির ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।