রত্না চা-বাগানে মাতৃমৃত্যু বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ১২ জন মায়ের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বাধিক রত্না চা-বাগানে চারজন মা মারা গেছেন। কুসংস্কার, গর্ভকালীন বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতার অভাব ও হাসপাতালে না গিয়ে বাড়িতে প্রসব করানোর কারণে এসব মায়ের মৃত্যু হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানে গতকাল মঙ্গলবার আয়োজিত ‘গর্ভবতী মা সমাবেশে’ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন। অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং বেসরকারি সংস্থা এমপিডিআর (মেটারনাল অ্যান্ড পেরিনেটাল ডেথ রিভিউ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাগানের গর্ভবতী মাসহ চা-শ্রমিক নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।
বেলা ১১টার দিকে রত্না চা-বাগান হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাহিদুল ইসলাম, চিকিৎসা কর্মকর্তা পলাশ চন্দ্র দে, বাগানের উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম ভূঁইয়া প্রমুখ। পরে সমাবেশে উপস্থিত অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের পরিবারের সদস্যরা বাড়িতে প্রসব করানোর পরিবর্তে বাগানের হাসপাতাল অথবা নিকটবর্তী সরকারি হাসপাতালে প্রসব করাবেন বলে প্রতিশ্রুতি দেন।