রত্না চা-বাগানের ৭০ জন শ্রমিককে পুনর্বহাল
মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানের ৭০ জন অস্থায়ী শ্রমিককে অবশেষে কাজে পুনর্বহাল করা হয়েছে। গতকাল শুক্রবার ওই শ্রমিকেরা কাজে যোগ দেন।
বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, ‘ভিয়েলাটেক্স গ্রুপ’ নামের কোম্পানির মালিকানাধীন রত্না চা-বাগানের মালিকপক্ষ গত ২৯ অক্টোবর হঠাৎ করে বাগানে নিয়োজিত ৭০০ জন অস্থায়ী শ্রমিকের কাজ বন্ধ করে দেয়। এতে ওই শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। বাগানের শ্রমিক পঞ্চায়েতের পক্ষ থেকে বাদ পড়া শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানিয়ে বাগানের ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করা হয়।
শ্রমিক পঞ্চায়েতের সভাপতি বিকাশ রুদ্র পাল মুঠোফোনে জানান, ‘ভিয়েলাটেক্স গ্রুপ’ কোম্পানির একজন পরিচালক গত বৃহস্পতিবার বিকেলে তাঁদের সঙ্গে মুঠোফোনে কথা বলে বাগানের ‘শূন্য (শ্রমিকবিহীন) পরিবার’ থেকে আপাতত ৭০ জন শ্রমিককে কাজে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানান। এ সময় তাঁরা কমপক্ষে ১৫০ জন শ্রমিককে কাজে পুনর্বহালের দাবি জানান। এ ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কোম্পানির পরিচালক।
রত্না চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহ আলম গতকাল সকালে জানান, মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ৭০ জন অস্থায়ী শ্রমিক কাজে যোগ দিয়েছেন। বাগানে শ্রমিক অসন্তোষ আর নেই।
৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘হঠাৎ বেকার ৭০০ চা-শ্রমিক’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।