রত্না নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার
নিয়মকানুনের তোয়াক্কা না করেই বাঁধ দিয়ে মাছের চাষ করা হচ্ছে হবিগঞ্জের বানিয়াচংয়ের রত্না নদীতে। ফলে নদীটিতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হওয়াসহ মাছের অস্তিত্বই হুমকির মুখে পড়েছে। আবার জলমহালের ইজারার শর্ত ভঙ্গ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও স্থানীয় মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বানিয়াচংয়ের দীর্ঘতম নদী রত্না পাঁচটি ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনার শাখা নদীতে মিলিত হয়েছে। নদীটিকে রত্না-১, রত্না-২, রত্না-৩ ও রত্না-৪ নামে চারটি ভাগে ভাগ করে প্রশাসন। এর মধ্যে ভাটির তিনটি অংশকে সরকারিভাবে মাছের জন্য অভয়াশ্রম ঘোষণা করা হয়। তবে উজানের রত্না-১ অংশটিকে বদ্ধ জলাশয় হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন বছর মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। ইজারা নেওয়া হয়েছে নদীর পার্শ্ববর্তী ভাটি পাড়া গ্রামের রূপালী মৎস্যজীবী সমবায় সমিতির নামে। সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না সেতুর পূর্বপাশ থেকে রত্না-১ জলমহালটি শুরু হয়েছে। সেতু থেকে ১০০ গজ দূরত্বে পরপর দুটি বাঁধ দেওয়া হয়েছে। নদীতে আড়াআড়িভাবে বাঁশ পুঁতে বাঁশের পাটির সঙ্গে জাল পাতা হয়েছে। বাঁধ দুটি দিয়েছেন রূপালী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। এই বাঁধের কারণে নদীতে সব ধরনের নৌ-চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ভাটির তিনটি অংশের মৎস্য অভয়াশ্রমগুলোতে মাছ বিচরণ করতে পারছে না। দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ দিয়ে রাখায় অভয়াশ্রমগুলোতে মাছের প্রজনন ও চলাচলে বিঘ্ন ঘটছে। বর্তমানে নদীতে মাছের অস্তিত্বই নেই বলে এলাকাবাসীর দাবি।হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন আহমদ বলেন, যেকোনো নদীতে বাঁধ দেওয়া অবৈধ। এতে করে মাছসহ পানিতে বসবাসকারী জীববৈচিত্র্যের সমস্যা হয়।’ বানিয়াচং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রমনীমোহন পাল বলেন, ‘আমরা সেখানে একবার অভিযান চালিয়েছি। আবার অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উঠিয়ে দেব।’ এদিকে যে শর্তে জলমহালটির ইজারা দেওয়া হয়েছিল, সেই শর্ত ভঙ্গেরও অভিযোগ রয়েছে। সরকারের সঙ্গে ইজারাগ্রহীতার চুক্তির কাগজপত্র ঘেঁটে দেখা যায়, ইজারার মেয়াদ বাংলা ১৪১৮ থেকে ১৪২০ পর্যন্ত। এর মধ্যে ১৪১৮ থেকে ১৪১৯ সাল পর্যন্ত কোনো মাছ ধরা যাবে না এবং কখনোই ছোট মাছ ধরা যাবে না। তবে সমিতির লোকজন এ নিয়ম ভঙ্গ করে ১৪১৮ সাল থেকেই মাছ ধরছেন এবং আকারে ছোট মাছও ধরছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ছাড়া চুক্তিতে অন্য কোনো পক্ষের কাছে আংশিক ইজারা (সাব লিজ) না দেওয়ার শর্ত থাকলেও তা ভঙ্গ করা হয়েছে। অভিযোগের বিষয়ে রূপালী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) শফিউল ইসলাম বলেন, এটি (রত্না) একটি মরানদী। শুকনো মৌসুমে এটা শুকিয়ে যায়। যাঁরা বাঁধ দিয়েছেন, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা নিয়েছেন।জানতে চাইলে জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার বলেন, ‘আমি তিন-চার দিন হলো দায়িত্ব নিয়ে জেলায় এসেছি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেব।’