রথ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের কাহারুল উপজেলার রামপুর ১৬ মাইল এলাকায় গতকাল সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা রথযাত্রার উৎসব শেষে বাড়ি ফিরছিলেন।
এই তিনজন হলেন কাহারোল উপজেলার রামপুর গ্রামের বকুল (৫০), দহনডা গ্রামের বৈশাখ (৬০) ও একই গ্রামের শুভ (২২)।
কাহারোল ১০ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হন। অটোরিকশার আরেক যাত্রী দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁরা সবাই কীর্তন দলের সদস্য ছিলেন। রথযাত্রার অনুষ্ঠান শেষ করে তাঁরা বাড়ি ফিরছিলেন।
ওসি মো. আবদুল মালেক বলেন, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস থানা হেফাজতে আছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।