রথখোলার শতবর্ষী দুধের আড়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার রথখোলায় নুরু মিয়ার আড়তে চলছে দুধের বেচাকেনা l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার রথখোলায় নুরু মিয়ার আড়তে চলছে দুধের বেচাকেনা l ছবি: প্রথম আলো

সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা। পুরান ঢাকার রথখোলায় কিছু মানুষের বেশ ব্যতিব্যস্ততা। ছোট আকারের পিকআপ আর তিন চাকার রিকশাভ্যান একের পর এক এসে থামছে একটি জীর্ণ টিনের বারান্দাওয়ালা ঘরের সামনে। পিকআপ ভ্যান থেকে কয়েকজন সাবধানে ধরাধরি করে নামাচ্ছেন উঁচু উঁচু প্লাস্টিকের ড্রাম। সেগুলো তোলা হচ্ছে ঘরটিতে। মুখ খোলা ড্রামগুলোর ওপরে ভাসছে সবুজ কচুরিপানা; নিচে সফেদ দুধ। এটি ঢাকার সবচেয়ে পুরোনো দুধের আড়তগুলোর একটি।
রথখোলার প্রবীণ বাসিন্দা হাজি আবদুল করিমের (৭২) কাছ থেকে জানা গেল, তাঁর শৈশবে নবাবপুর এলাকায় সাত থেকে আটটি দুধের আড়ত ছিল। দূর-দূরান্ত থেকে গোয়ালা কাঁধে করে আড়তে দুধ নিয়ে আসতেন। ভোর থেকে রাত পর্যন্ত চলত দুধ কেনাবেচা।
গতকাল রোববার গিয়ে দেখা গেল, রথখোলার দুধের আড়তগুলোর মধ্যে মাত্র দুটি টিকে আছে। এর একটি হলো ‘নুরু মিয়ার আড়ত’, যার দায়িত্বে আছেন তাঁর নাতি সেলিম মিয়া (৪২)।
সেলিম মিয়া বললেন, এই আড়তটি শুরু করেছিলেন গোপাল চন্দ্র গোপ। পরে তাঁর পরিবার দেশ ছেড়ে চলে গেলে গোপালের ব্যবসায়িক অংশীদার নুরু মিয়া আড়ত পরিচালনার ভার নেন। আড়তের বয়স সম্পর্কে জানতে চাইলে সেলিম বললেন, ‘ঠিক বলতে পারতেছি না। তবে ১০০ বছর তো হইবোই।’
টিকে থাকা অন্য আড়তটির স্বত্বাধিকারী লালজি ঘোষও (৬০) পারিবারিক সূত্রেই এই ব্যবসায় এসেছেন। তিনিও বললেন, আড়ত দুটি প্রায় ১০০ বছরের পুরোনো।
সেলিম মিয়ার কাছ থেকে জানা গেল, তাঁর বাবার সময়কালে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আড়তে কেনাবেচা চলত। এখন সন্ধ্যা ছয়টার পর আড়তের দরজা খোলে। কেনাবেচা চলে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা। তিনি বলেন, আগে ৬০ থেকে ৭০ জন দুধ নিয়া আসতেন। এখন দুধ বেচতে আসেন ২২ থেকে ২৫ জন। দুধের ব্যবসা আগের মতো নেই।
সেলিম মিয়ার আড়তে এখন দিনে ২ হাজার থেকে ৩ হাজার লিটার দুধ বিক্রি হয়। লালজি ঘোষের আড়তে বিক্রির পরিমাণ আরও কম।
দুধ বিক্রেতারা আসেন নদীর অপর পারের কেরানীগঞ্জ থেকে। তাঁদের একেকজন ২০ থেকে ২০০ লিটার পর্যন্ত দুধ নিয়ে আসেন।
আড়তদারদের মতো বেশির ভাগ বিক্রেতারও আড়তের সঙ্গে সম্পর্ক বংশানুক্রমিক। কেরানীগঞ্জের শুভাড্যা এলাকার পরিতোষ গোয়ালা এসেছেন ২০ লিটার দুধ নিয়ে। তিনি বললেন, ‘এহানে আমার ঠাকুরদায় বেচত, বাপে বেচত, ওহন আমি বেচি।’
দুধের নিয়মিত ক্রেতারাও বেশ পুরোনো। দুধ কিনতে আসা মতিঝিলের দেশবন্ধু সুইটমিটের পুরোনো কর্মচারী জ্যোতি লাল বলেন, এখান থেকেই সব সময় তাঁরা দুধ কিনে থাকেন। বললেন, ‘এইখানকার দুধ ভালো হবে এই বিশ্বাসটা আছে।’
আড়ত দুটিতে দুধের দাম নির্ধারিত হয় নিলামের মাধ্যমে। ক্রেতা আর বিক্রেতাদের দামাদামির মাধ্যমে লিটারপ্রতি দুধের দাম নির্ধারিত হয়। আর মণপ্রতি ২০ টাকা করে আড়তদারেরা পান। আড়ত দুটির পরিচালকেরা বললেন, সাধারণত দুধের দাম প্রতিলিটার ৫০ থেকে ৭০ টাকার মধ্যে ওঠানামা করে। তবে বৃষ্টির সময় দাম পড়ে ২০-২৫ টাকা লিটারে নেমে আসে বলে জানালেন সেলিম মিয়া।
সেলিম মিয়া, লালজি ঘোষ দুজনই বললেন, পারিবারিক ঐতিহ্যের কারণেই এই দুধের আড়তের ব্যবসা ধরে রেখেছেন তাঁরা। বললেন, হয়তো পরিবারে তাঁরাই এ ব্যবসার শেষ প্রজন্ম। লালজি ঘোষের কথায়, ‘আমার বাবা করত। পরে আমি করছি। কিন্তু আমার ছেলে অন্য লাইনে গেছে গা। আমি গেলে এইটা করার আর কেউ নাই।’