রথযাত্রা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সারা দেশে আজ রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হচ্ছে। হিন্দু ধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথ টেনে শোভাযাত্রা বের করা হবে। বিভিন্ন সংগঠন আজ কর্মসূচি পালন করবে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে আজ বেলা ২টার দিকে শোভাযাত্রা বের হবে স্বামীবাগের ইসকন আশ্রম থেকে। পরে ইত্তেফাক মোড়, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা, পুরানা পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

রথ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। এতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে রথযাত্রার প্রবেশস্থল ও আশপাশে তল্লাশিচৌকি বসানো হবে। শোভাযাত্রার কোনো যানবাহনে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না, শোভাযাত্রা এবং রথযান থেকে ফলমূল নিক্ষেপ করা যাবে না। মাঝপথে বা অলিগলি থেকে রথের শোভাযাত্রায় যোগদান করা যাবে না।

পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক তাপস কুমার পাল লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

রথযাত্রা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। কারণ ধর্ম যার যার, উৎসব সবার।