রথযাত্রা উৎসব শুরু
রাজধানীসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে গত শনিবার। ২৬ জুলাই রোববার উল্টোরথের মাধ্যমে এ উৎসব শেষ হবে।
রথোৎসব উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ধামরাইয়ে রাধামাধব মন্দিরে দেশের প্রধান রথোৎসব ও রথমেলা এবং গাজীপুরে ভাওয়াল রাজবাড়ির মাণিক্য মাধব মন্দিরেও বিশাল আয়োজনে রথযাত্রা উৎসব শুরু হয়।
হিন্দু ধর্মমত ও রীতি অনুসারে বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথ টেনে শোভাযাত্রা বের করা হয়। রাজধানীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে বিশাল এই শোভাযাত্রা স্বামীবাগ ইসকন আশ্রম থেকে যাত্রা শুরু করে হাটখোলা, মতিঝিল, পুরানা পল্টন, প্রেসক্লাব হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ। ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছার পর বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা তিনটি রথকে বরণ করে নেন।
এ ছাড়া নগরের তাঁতীবাজার শ্রীশ্রী জগন্নাথ দেব জিউ মন্দিরে রথযাত্রা উৎসব হয়। এ উপলক্ষে তাঁতীবাজারে রথ মেলারও আয়োজন করা হয়।
ধামরাই: সাভার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শনিবার বিকেল পাঁচটায় মঙ্গল প্রদীপ জ্বেলে নয় দিনব্যাপী উৎসবের সূচনা হয়। পরে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার প্রতীকী রশি টেনে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা আর মুসলমান সম্প্রদায়ের ঈদুল ফিতর একই দিনে উদ্যাপিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বিশ্বের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।’
উদ্বোধনের পরই হাজারো নর-নারী রশি টেনে বাবার বাড়ি থেকে যশোমাধবকে ধামরাই পৌর এলাকার গোপনগরে শ্বশুরালয়ে নিয়ে যায়। সেখানে নয় দিন অবস্থানের পর আবার বাবার বাড়ি আনা হবে উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে। রথযাত্রাকে ঘিরে ধামরাই পৌর এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
শেরপুর: শেরপুর প্রতিনিধি জানান, ইসকনের উদ্যোগে শনিবার রথ টানা, শোভাযাত্রা, আলোচনা সভা ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়। নয়আনী বাজারের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী মেলাও বসে।