রথযাত্রা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি মন্দিরে ছিল ভক্তদের ভিড়। বিকেলে তাঁদের অপেক্ষা শেষ হয় রথ টেনে যাত্রার মধ্য দিয়ে। ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার উৎসব শুরু হয়।পুরান ঢাকার স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আশ্রম থেকে তিনটি বিশাল রথসহ শোভাযাত্রায় অংশ নেন বিপুলসংখ্যক ভক্ত ও অনুরাগী। বিকেলে এই তিনটি রথ জয়কালী মন্দির রোড থেকে বিভিন্ন সড়ক হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। ২১ জুলাই উল্টোরথে এই তিনটি রথ ঢাকেশ্বরী মন্দির থেকে আবার স্বামীবাগের ইসকন মন্দিরে যাত্রা করবে।রথযাত্রায় অংশ নিতে সকাল থেকে ভক্তরা ফুল, বেলপাতা ও কলা নিয়ে মন্দিরে উপস্থিত হন। বিকেলে তিনটি বিশাল রথ ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে শোভাযাত্রাকে বরণ করেন মহানগর পূজা কমিটির নেতা ও ভক্তরা।রথযাত্রা শুরুর আগে স্বামীবাগ আশ্রমে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ভক্তদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।সভায় আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, সাংসদ মিজানুর রহমান, বীরেন শিকদার, রণজিৎ রায়, আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী বক্তব্য দেন। আশ্রমের সেবায়েত যশোদা নন্দন আচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব: মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভারত সরকারের অর্থায়নে নির্মিত রথ দিয়ে শুরু হয়েছে ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব। গতকাল মঙ্গলবার বিকেলে মঙ্গলপ্রদীপ জ্বেলে নয় দিনব্যাপী উৎসবের সূচনা করা হয়। পরে প্রধান অতিথি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রতীকী রশি টেনে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, স্থানীয় সাংসদ বেনজীর আহমেদ, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মিনিস্টার এস কুমার, ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীন ও ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।গতকাল সকাল ১০টায় পৌর এলাকার কায়েতপাড়ার মাধব মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলি রথখোলা আঙিনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষ করেন। বিকেল তিনটার দিকে মাধব মন্দির থেকে মাধব বিগ্রহ (মাধব মূর্তি) রথে নিয়ে স্থাপন করা হয়। এর পরই রথখোলার মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।