রথযাত্রা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রোববার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রীজগন্নাথের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি মন্দিরে ছিল ভক্তদের ভিড়। বিকেলে তাঁদের অপেক্ষা শেষ হয় রথ টেনে যাত্রার মধ্য দিয়ে। ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার উৎসবও শুরু হয়েছে গতকাল।পুরান ঢাকার স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আশ্রম থেকে গতকাল বিশাল রথসহ শোভাযাত্রায় অংশ নেন বিপুলসংখ্যক ভক্ত ও অনুরাগী। বিকেলে এই রথ বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। ১১ জুলাই উল্টোরথে এই রথ ঢাকেশ্বরী মন্দির থেকে আবার স্বামীবাগের ইসকন মন্দিরের উদ্দেশে যাত্রা করবে। এ উপলক্ষে ইসকন নয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। রথযাত্রা উৎসব উপলক্ষে রাম-সীতা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। রাম-সীতা মন্দির থেকেও রথযাত্রা বের করা হয়।এ ছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির ও শাঁখারীবাজার দুর্গা মন্দির কমিটি পৃথক রথযাত্রার আয়োজন করে। রথযাত্রায় অংশ নিতে সকাল থেকে ভক্তরা ফুল, বেলপাতা ও কলা নিয়ে এসব মন্দিরে উপস্থিত হন।ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব: মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ধামরাইয়ে গতকাল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রীযশোমাধবের রথযাত্রা উৎসব। সন্ধ্যা ছয়টায় মঙ্গলপ্রদীপ জ্বেলে নয় দিনব্যাপী উৎসবের সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পরে তিনি প্রতীকী রশি টেনে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বেনজীর আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কালচারাল সেক্রেটারি অঙ্কন ব্যানার্জি, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ করিম, যশোমাধব মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাজার হাজার ভক্ত রথের রশি টেনে বাবার বাড়ি থেকে যশোমাধবকে ধামরাই পৌর এলাকার গোপনগরে শ্বশুরালয়ে নিয়ে যান। নয় দিন পর পুনরায় বাবার বাড়ি আনা হবে উল্টোরথযাত্রা উৎসবের মাধ্যমে। এ উপলক্ষে ধামরাইয়ে মাসব্যাপী মেলা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় পৌর এলাকার কায়েতপাড়ার মাধব মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলি রথখোলা আঙিনায় ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষ করেন। বিকেল তিনটার দিকে মাধব মন্দির থেকে মাধববিগ্রহ (মাধবের মূর্তি) রথে নিয়ে স্থাপন করা হয়। কেশবপুরে রথযাত্রা: আমাদের কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ে শ্রীশ্রীজগন্নাথের বিশেষ পূজার আয়োজন করা হয়। কাটাখোলি ইসকন মন্দিরেও রথযাত্রা অনুষ্ঠিত হয়।