রথীন চক্রবর্তীর ৭০তম জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগ্রামী ব্যক্তিত্ব রথীন চক্রবর্তীর ৭০তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে ‘টেনে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে’ শীর্ষক জন্মোৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রথীন চক্রবর্তীকে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য লেলিন চৌধুরী, আবু সাঈদ, মজিবুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সুজনের জেলা সভাপতি আহসানুল করিম চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর আওয়ামী লীগের নেতা রোকনউদ্দিন আহমেদ, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী ১৯৪৬ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মনীন্দ্রলাল চক্রবর্তী ও জ্যোৎস্নাময়ী চক্রবর্তীর তৃতীয় সন্তান তিনি। ১৯৬৯ সালে তিনি কমিউনিস্ট পার্টির দায়িত্ব নিয়ে নারায়ণগঞ্জ আসেন। ১৯৭১ সালে তিনি ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন করেন।