রথের মেলায় বন্ধ হলো পাখি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালিম, কোড়া, শালিক, মাছরাঙা, ঘুঘুসহ নানা প্রজাতির পাখি প্রকাশ্যে বিক্রি হচ্ছিল সিলেট নগরের রিকাবীবাজারে রথের মেলায়। গত বুধবার থেকে শুরু হওয়া এ মেলায় পাখি বিক্রি বন্ধ করার উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী দুটি সংগঠন। তাঁদের এ উদ্যোগের কারণে গতকাল শুক্রবার ওই মেলায় অভিযান চালিয়ে পুলিশ পাখি বিক্রি বন্ধ করে দেয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্লোর সোসাইটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাধিকার নামের দুটি সংগঠনের কর্মীরা রথের মেলায় পাখি বিক্রি বন্ধ করার জন্য নানামুখী তৎপরতা চালান। তাঁরা ওই মেলায় গিয়ে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পাখি শিকার ও বিক্রি যে সরকারিভাবে নিষিদ্ধ, সে বিষয়ে পাখি বিক্রেতাদের সঙ্গে আলোচনা করেন। এ বিষয়ে তাঁরা পাখি ক্রেতাদেরও সচেতন করেন। শেষে তাঁরা পাখি বিক্রি বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ চেয়ে প্রায় আধা ঘণ্টা ওই এলাকার সড়কে অবস্থান নেন। এ অবস্থায় পুলিশ ওই মেলায় অভিযান চালিয়ে পাখি বিক্রি বন্ধ করে দেয়।গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ জানান, ঐতিহ্যবাহী রথ মেলায় একটি চক্র প্রকাশ্যে পাখি বিক্রি করছে। এবার মেলা শুরুর আগেই বাংলাদেশ পরিবেশ আন্দোলনকে (বাপা) নিয়ে তাঁরা পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে পাখি বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে আগাম সঞ্চারকলিপি দেন। কিন্তু তা সত্ত্বেও পাখি বিক্রি অবাধে চলায় গতকাল তাঁরা এ উদ্যোগ নেন। বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম জানান, মেলায় পুলিশের নিয়ন্ত্রণকক্ষের সামনেই চলছিল পাখি কেনাবেচা। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। একপর্যায়ে যখন দুটো সংগঠনের সদস্যরা রাস্তায় অবস্থান নেন, তখন মেলা আয়োজক কমিটিসহ পুলিশ সদস্যরা পাখি বিক্রি বন্ধ করে দেন।