
সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।গতকাল আদালত প্রাঙ্গণে গোলাম মাওলার শাস্তির দাবিতে এক পক্ষ মানববন্ধন করেছে, আরেক পক্ষ মানববন্ধন করেছে তাঁর মুক্তির দাবিতে। এদিকে গোলাম মাওলার নিজ বাড়ি গলাচিপার উলানিয়া বন্দরে তাঁর সমর্থকেরা হরতাল আহ্বান করে দোকানপাট বন্ধ করার চেষ্টা করেন। তাঁদের হামলায় তিনজন আহত হয়েছেন।গতকাল দুপুর ১২টার দিকে গোলাম মাওলাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। রাতভর তিনি সেখানেই ছিলেন। আদালতে এনে তাঁকে হাজতখানার বাইরে একটি গাড়িতে রাখা হয়। আদালতে গোলাম মাওলার আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। মহানগর হাকিম এস এম আশিকুর রহমান শুনানি শেষে তা নাকচ করে দেন।আইনজীবী কবির হোসেন আদালতকে বলেন, এই মামলায় সাংসদ গত রোববার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন নেন। আসামি ফোনে হুমকি দিয়েছেন, এমন অভিযোগে মামলার বাদী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদনও দিয়েছে। তাতে কোথাও উল্লেখ করা হয়নি যে কখন, কোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। আইনজীবী আরও বলেন, একজন আসামির জামিন বাতিল করতে হলে আইন অনুযায়ী তাঁকে নোটিশ করতে হবে। এ ক্ষেত্রে আসামির আইনজীবীকে নোটিশ করা হয়েছে। এ পর্যায়ে জামিন বাতিলের কোনো সুযোগ নেই। আসামি একজন সাংসদ হওয়ায় তিনি জামিন পেতে পারেন মর্মে দাবি করেন আইনজীবী। এ সময় আদালতে জামিনের পক্ষ-বিপক্ষ নিয়ে আইনজীবীদের মধ্যে হইচই শুরু হয়।
আদালতে সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, আসামি জামিনে গিয়ে বাদীকে হুমকি দিয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তাই তাঁকে জামিনে মুক্তি দিলে তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবী পরিমল বিশ্বাসসহ অন্যরা শুনানিতে অংশ নেন।
উভয় পক্ষের বক্তব্য শুনে বেলা পৌনে দুইটায় আদেশ দেন আদালত। পরে গোলাম মাওলার আইনজীবীরা তাঁকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ও চিকিৎসার সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত এই আবেদন মঞ্জুর করে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বেলা সোয়া দুইটার দিকে গোলাম মাওলাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সাংবাদিক পেটানোর মামলায় গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন গোলাম মাওলা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পটুয়াখালী-৩ আসনের ওই সাংসদকে গ্রেপ্তার করে। এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন তিনি।
অমার্জনীয় অপরাধ করেছেন রনি: গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে সাংসদ গোলাম মাওলা রনির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ। এই অপরাধে যিনিই যুক্ত থাকুন না কেন, তিনি মন্ত্রী হোন বা এমপি হোন, তাঁকে আদালতের বারান্দায় দাঁড়াতেই হবে। আদালতে দাঁড় করানোর মধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। আশা করি, আপনারা আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।’
শাস্তি দাবি: গোলাম মাওলার সংসদ সদস্যপদ বাতিলসহ দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় তাঁর শাস্তি দাবি করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ দাবি জানানো হয়। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ সভায় সভাপতিত্ব করেন।
হারুন-অর-রশিদ জানান, জরুরি সভায় উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের অধিকাংশ সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় আজ শুক্রবার সকাল ১০টায় একই দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজনের কথা বলা হয়। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল ওহাব খলিফা, উপজেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে মো. শাহজাহান মিয়া, আবদুল খালেক, সন্তোষ কুমার দে, গোলাম মোস্তফা, মজিবর রহমান, সরদার শাহ আলম, মো. শামসুজ্জামান প্রমুখ।
রনি-সমর্থকদের হামলা: গোলাম মাওলার নিজ বাড়ি গলাচিপার উলানিয়া বন্দরে তাঁর সমর্থকেরা হরতাল আহ্বান করে গতকাল জোরপূর্বক দোকানপাট বন্ধ করে দেন। এতে বাধা দিলে ব্যবসায়ীদের ওপর হামলা করেন সাংসদের সমর্থকেরা। এ সময় তিনজন আহত হন।
হরতাল সফল করার কর্মসূচিতে রনির শ্বশুর ও ডাকুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফজলে আলী খান, সাংসদের ভাই গোলাম সারওয়ার, ছাত্রলীগের কর্মী কামরুল তালুকদার প্রমুখ অংশ নেন।
সাংসদ গোলাম মাওলার মুক্তির দাবিতে গলাচিপা উপজেলা শহরে গতকাল সকালে বিক্ষোভ মিছিল বের করেন তাঁর সমর্থকেরা। এ ছাড়া সকাল সাতটায় উলানিয়া বন্দরে গোলাম মাওলার অনুসারীরা তাঁর মুক্তির দাবিতে হরতাল আহ্বান করেন। তাঁরা উলানিয়া বন্দর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হাওলাদারের মালিকানাধীন স্লুইসগেট এলাকার দোকানপাট বন্ধ করতে বলেন, দোকানের সামনে টায়ারে আগুন দেন। মনির জানান, দোকান বন্ধ না করায় সাংসদের অনুসারীরা উত্তেজিত হয়ে মারধর শুরু করেন। এতে তাঁর বৃদ্ধ বাবা মান্নান হাওলাদার (৭০) ও মা ফাতেমা বেগম (৬০) এবং অজ্ঞাতনামধারী আরেকজন আহত হন। ফাতেমা বেগমকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
ক্ষমা চেয়েছেন রনি: অসংযত আচরণের জন্য গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন সরকারি দলের সাংসদ গোলাম মাওলা। গতকাল বৃহস্পতিবার স্ত্রী কামরুন্নাহার রুনুর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, সাংবাদিকদের সঙ্গে অসংযত আচরণের দায় পুরোপুরি তাঁর।
বিবৃতিতে গোলাম মাওলা বলেছেন, রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নীতি-আদর্শে বিশ্বাসী। অনেকের মতো তিনিও মনে করেন যে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন প্রয়োজন। টেলিভিশনের টকশো ও লেখালেখিতে দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে সম্প্রতি তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। তিনি পরিস্থিতির শিকার বলেও দাবি করেন।
গোলাম মাওলা আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সঙ্গে আমার আচরণে ক্ষুব্ধ শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ক্ষমাপ্রার্থনার মাধ্যমে এই অধ্যায়ের অবসান হবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘কয়েক দিন ধরে আমার বিরুদ্ধে গণমাধ্যমে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করে লেখালেখি হচ্ছে। এসব অভিযোগের একটিরও সত্যতা মিললে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াব।’
কাশিমপুর কারাগারে রনি: রনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) পাঠানো হয়েছে। গতকাল রাত নয়টায় তাঁকে ওই কারাগারে নেওয়া হয়। তাঁকে কারাগারের ভিআইপি বন্দীশালার সুরমা ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছে। ওই ভবনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, জামায়াত নেতা মীর কাসেম আলী বন্দী রয়েছেন।
কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।