'স্পিকারকে উদ্ধৃত করে রনির বক্তব্য সঠিক নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরীন শারমিন চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকারকে উদ্ধৃত করে সরকারি দলের সাংসদ গোলাম মাওলা রনি মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয় বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এ ধরনের কোনো মন্তব্য করিনি। এমন মন্তব্য করার কোনো প্রয়োজন নেই।’ গতকাল মঙ্গলবার দুপুরের পর গোলাম মাওলা স্পিকারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি স্পিকারের কাছে জানতে চেয়েছি, আমার আচরণে সংসদ বিব্রত কি না। দলের কিছু করার আছে কি না। জবাবে স্পিকার বলেছেন, এর মধ্যে সংসদের বিব্রত হওয়ার কিছু নেই। দলের কোনো বিষয় থাকলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে বলেছেন। দল, সংসদ বা সরকার বিব্রত হলে পদত্যাগ করব।’ এ বিষয়ে আজ স্পিকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে গোলাম মাওলা কী বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে জানতে চাইলে আমি বলব, পার্টিকুলার ওই বাক্যটি আমার নয়। স্পিকার সবকিছু বলতে পারেন না। বলার প্রয়োজনও নেই।’

ওই সংবাদ সম্মেলনে গোলাম মাওলা দাবি করে বলেন, ‘স্পিকার আমার বক্তব্য শোনার পর হুইপদের ডেকেছিলেন।’

এ বিষয়ে শিরীন শারমিন বলেন, ‘আমি হুইপদের ডাকিনি। হুইপ সাগুফতা ইয়াসমিন আগে থেকেই আমার কক্ষে ছিলেন। পরে গোলাম মাওলা আসার কারণে হুইপ আ স ম ফিরোজ এসেছিলেন।’