রনির অভিযোগ মিথ্যা, ব্যবস্থা নেওয়ার অনুরোধ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সাংবাদিকের বিরুদ্ধে সাংসদ গোলাম মাওলা রনির করা অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। মিথ্যা অভিযোগে মামলা করায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে পুলিশ।
এদিকে সরকারদলীয় ওই সাংসদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়ারও উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং অপহরণের অভিযোগের বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। গোলাম মাওলা রনির অভিযোগ মিথ্যা। এ কারণে তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় শাস্তির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। আগামী ২১ আগস্ট এ মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ওই টেলিভিশন চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন গোলাম মাওলা। ওই দিন সন্ধ্যায় টেলিভিশন চ্যানেলটির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। সালমান এফ রহমান ও দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা। গতকাল ওই মামলায় পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দেয় আদালতে।

এদিকে গোলাম মাওলার বিরুদ্ধে করা মামলাটি এখনো তদন্তাধীন। মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক আগামী ১৩ আগস্ট এ মামলার শুনানির দিন ধার্য করেছেন।

সম্পদ বিবরণী জমা দিতে নোটিশের উদ্যোগ: গতকাল সাংসদ গোলাম মাওলার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমতি চেয়েছেন দুদকের উপপরিচালক তালেবুর রহমান। এ বিষয়ে তিনি দুদকে প্রাথমিক প্রতিবেদন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, ওই প্রতিবেদনে সাংসদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের অধিকতর সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাঁকে নোটিশ দিতে কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে।

দুই বছর ধরে ওই সাংসদের সম্পদের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, দুদকে জমা দেওয়া তথ্যের সঙ্গে তাঁর সম্পদের মিল নেই। সম্পদের পরিমাণ আরও কয়েক গুণ বেশি। এ ছাড়া তিনি নির্বাচন কমিশনের হলফনামায় সম্পদের যে তথ্য দিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখছে দুদক।

অনুসন্ধান চলাকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলও তাঁর বিরুদ্ধে কিছু ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদের তথ্য দিয়েছে। এ ছাড়া তাঁর আয়কর নথি ও সম্পদ বিবরণীতেও বেশ কিছু গরমিল রয়েছে। পুরো বিষয়ে অধিকতর ও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলে দুদকের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।