রনির আত্মীয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির ভাই, শ্বশুর, শ্যালকসহ আটজনের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল শনিবার রাতে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরের বাসিন্দা আবদুল মন্নান হাওলাদার জিডিটি করেছেন।
জিডিতে রনির ভাই গোলাম সারোয়ার, শ্বশুর গলাচিপা ডাকুয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. ফজলে আলী খান, শ্যালক ডাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকবুল খানসহ আটজনের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, মো. ফজলে আলী খান, মো. মাহাজিব খান, মো. নাসির উদ্দিন, বাসুদাস, গোলাম সারোয়ার, মিঠু তালুকদার, মো. কামরুল তালুকদার, মো. মকবুল খানসহ ১৬ জনের বিরুদ্ধে মন্নান হাওলাদার বাদী হয়ে চাঁদাবাজি, ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগে গত ২৭ জুলাই গলাচিপা থানায় একটি মামলা করেন। আসামিরা ওই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। ৩১ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই মামলার সংশ্লিষ্ট আসামিরা তাঁকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল প্রথম আলো ডটকমকে বলেন, মন্নান হাওলাদারকে হত্যার হুমকির অভিযোগে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই দিন (শনিবার) বিকেলে রনি ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে করা মামলার বাদী গলাচিপার ডাকুয়া ইউনিয়নের পূর্বপাড় ডাকুয়া গ্রামের মো. বদরুল ইসলাম খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাতজনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।