রনির আবারও জামিন আবেদন, ঈদের পর শুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক পেটানোর মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে গতকাল রোববার আবারও জামিনের আবেদন করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি। বিচারক জহুরুল হক আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। এর ফলে এই সাংসদকে ঈদ কাটাতে হতে পারে কারাগারে। গোলাম মাওলার পক্ষে আইনজীবী কবির হোসেন এই আবেদন করেন। কবির হোসেন প্রথম আলোকে বলেন, ঈদের আগে শুনানি করার জন্য বিশেষ আবেদন করা হবে। তিনি আশা করেন, ঈদের আগেই গোলাম মাওলা জামিন পাবেন। ২০ জুলাই তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মীকে মারধর করেন ওই সাংসদ। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।