রনির ক্যাডারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত মানিকচাঁদ গ্রামের মো. কবির মুন্সির মৃত্যুর ঘটনায় স্থানীয় সাংসদ গোলাম মাওলা রনির ক্যাডারসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় এ মামলা করা হয়। এজাহারের বিবরণ অনুযায়ী, গত বুধবার কবিরের (২৮) একটি গরু একই গ্রামের মালেক পেয়াদার খেতের ধান নষ্ট করে। এর জের ধরে ওই দিনই মালেকের নেতৃত্বে কবিরকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। কবিরকে প্রথমে গলাচিপা ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই মালেক, তাঁর মেয়েজামাই মো. ফারুক, মো. হাফিজুর পেয়াদাসহ আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এদিকে কবির ‘হত্যা’ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বেলা ১১টায় রতনদী-তালতলীর কাটাখালী বাজারে ব্যবসায়ীরা মানববন্ধন, বিক্ষেভ মিছিল ও সমাবেশ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ প্রথম আলোকে জানান, হাফিজুর পটুয়াখালী-৩ আসনের সাংসদ রনির ক্যাডার। এর আগেও হাফিজুরকে রনির অন্য অনুসারীদের সঙ্গে এলাকায় বিভিন্ন হামলায় অংশ নিতে দেখা গেছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, হাজেরা বিবি নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।