রনির চার আত্মীয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরের বাসিন্দা আবদুল মন্নান হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির চার আত্মীয়সহ আট ব্যক্তি। রনির আত্মীয়রা হলেন তাঁর ভাই গোলাম সারোয়ার, শ্বশুর গলাচিপার ডাকুয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. ফজলে আলী খান ও শ্যালক ডাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মকবুল খান। এর আগে গত ২৭ জুলাই মন্নান হাওলাদার রনির ওই চার আত্মীয়সহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগে গলাচিপা থানায় একটি মামলা করেন। তাঁকে আবার হুমকি দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে গলাচিপা থানায় তিনি নতুন করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডায়েরিতে বলা হয়, মন্নান হাওলাদার বাদী হয়ে মো. ফজলে আলী খান, মো. মাহাজিব খান, মো. নাসির উদ্দিন, বাসুদাস, গোলাম সারোয়ার, মিঠু তালুকদার, মো. কামরুল তালুকদার, মো. মকবুল খানসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁদাবজি, ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগে ২৭ জুলাই গলাচিপা থানায় একটি মামলা করেন। আসামিরা ওই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই আসামিরা উলানিয়া বন্দরে তাঁর (মন্নান হাওলাদার) দোকানের সামনে গিয়ে তাঁকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, মন্নান হাওলাদারকে হত্যার হুমকির অভিযোগে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।