রনির ছয় ক্যাডারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলা রনির ছয় ক্যাডারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগে গলাচিপা থানায় মামলা হয়েছে। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদী হয়ে গত সোমবার রাতে অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়। এতে রনির অনুসারী মো. ফিরোজসহ ছয়জনকে আসামি করা হয়। এজাহারে গোলাম মোস্তফা উল্লেখ করেন, রোববার রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. শাহজাহান মিয়া, সহসভাপতি সন্তোষ কুমার দে এবং তিনি দলীয় কার্যালয় থেকে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে যাঁর যাঁর বাসায় যাচ্ছিলেন। তাঁরা রূপনগর এলাকার মো. মালেক মিয়ার বাসার কাছে পৌঁছালে রনির ক্যাডার মো. ফিরোজসহ ছয়জন তাঁদের পথ রোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে তাঁকে আহত করে। আসামিরা তাঁর কাছ থেকে নগদ ২৭ হাজার ৫০০ টাকা এবং সন্তোষ কুমার দের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।