রনির জামিন আবেদন, শুনানি ঈদের পর

সাংবাদিক পেটানোর মামলায় পুনরায় জামিনের আবেদন করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি। আজ রোববার মহানগর দায়রা জজ আদালতে রনির আইনজীবী কবির হোসেন এ আবেদন করেন। আদালতের বিচারক জহুরুল হক ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।
২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন সাংসদ রনি। ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। টিভি চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান ও দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। পরের দিন তাঁর জামিন বাতিলের আবেদন করেন হত্যাচেষ্টা মামলার বাদী ইউনুছ আলী। আবেদনে অভিযোগ করা হয়, সাংসদ গোলাম মাওলা জামিন পাওয়ার পর বাদীকে ফোনে হুমকি-ধামকি দিয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করে সাংসদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে।
বুধবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ মামলায় জামিন বাতিল করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁকে ওই দিনই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার তাঁর পক্ষে পুনরায় জামিনের আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান সরকারদলীয় এই সাংসদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ পুনরায় তাঁর জামিনের আবেদন করা হলো।