রনির ড্রাইভারের পরিবারকে ন্যাম ফ্ল্যাট থেকে উচ্ছেদের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ গোলাম মাওলা রনির ড্রাইভারের পরিবারসহ অন্যসব অবৈধ বাসিন্দাকে সাংসদদের ভবন (ন্যাম ফ্ল্যাট) থেকে উচ্ছেদ করা হবে। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির ১৫তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি চিপ হুইপ আব্দুস শহীদ সাংবাদিকদের বলেন, ‘এমপি হোস্টেল ও ন্যাম ফ্ল্যাটে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। ফ্ল্যাট বরাদ্দ নীতিমালায় রয়েছে, পরিবারের সদস্য ছাড়া সাংসদদের ফ্ল্যাটে অন্য কেউ থাকতে পারবেন না। কিন্তু গোলাম মাওলার ফ্ল্যাটে সরেজমিনে দেখা গেছে, সেখানে তাঁর গাড়ির চালক সপরিবারে থাকেন। তাঁকে ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা হবে। একইভাবে অবৈধভাবে অন্য যাঁরা আছেন, তাঁদেরও উচ্ছেদ করা হবে।’ 

ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মীকে মারধরের অভিযোগে সাংসদ গোলাম মাওলা বর্তমানে কারাগারে আটক আছেন।

আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ, হাফিজ উদ্দিন আহম্মেদ ও এ কে এম এ আউয়াল অংশ নেন।